অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করা যাচ্ছে? কী করতে হবে, জেনে নিন
আজ তক | ২৪ আগস্ট ২০২৬
অন্নপূর্ণা যোজনায় যোগ্য উপভোক্তারা প্রতিমাসে ৩০০০ টাকা করে পাবেন, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, এখনও যারা আন্নপূর্ণা যোজনায় টাকা পাননি তারা পোর্টালে নতুন আবেদন করতে পারেন। আপনি কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান? তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরি। কারণ হাতে আর বেশি সময় নেই। তাহলে চলুন জেনে নেওয়া যাক আবদনের বিস্তারিত প্রক্রিয়া।
অনলাইনে এভাবে আবেদন করুন
অনলাইনে আবেদন করা যাবে সরকারি Annapurna Yojana Portal-এর মাধ্যমে। সরকারি তথ্য অনুযায়ী, আবেদন করা যায় socialregistry.wb.gov.in পোর্টালে।
অনলাইনে কীভাবে আবেদন করবেন?প্রথম ধাপ:
সরকারি Annapurna Yojana Portal-এ যান—socialregistry.wb.gov.in। পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল স্কিম পেজেও এই পোর্টালটির উল্লেখ রয়েছে।দ্বিতীয় ধাপ:
পোর্টালে গিয়ে অন্নপূর্ণা যোজনার Online Application/Registration সংক্রান্ত অপশন নির্বাচন করতে হবে।তৃতীয় ধাপ:
আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, আধার, ভোটার কার্ড, মোবাইল নম্বর এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে দিতে হবে।চতুর্থ ধাপ:
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা DBT-এর মাধ্যমে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা রয়েছে।পঞ্চম ধাপ:
ফর্মের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে Submit করতে হবে। Submit করার পরে পাওয়া Application ID/Temporary Application ID নিরাপদে রেখে দিন। পরবর্তী সময়ে আবেদন সংক্রান্ত সমস্যা বা স্ট্যাটাস যাচাইয়ের ক্ষেত্রে এটি প্রয়োজন হতে পারে।
যোজনা পোর্টালে আবেদন করতে কী কী লাগবে?
সরকারি স্কিম পেজে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ নথি/তথ্য বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা হয়েছে—
১. ভোটার কার্ড বা EPIC
আবেদনকারীর ভোটার পরিচয়পত্রের তথ্য প্রয়োজন হবে।
২. আধার কার্ড
আবেদনকারীর Aadhaar-এর তথ্য দিতে হবে। DBT-এর মাধ্যমে টাকা পাওয়ার ক্ষেত্রে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩. সক্রিয় মোবাইল নম্বর
আবেদনকারীর একটি Active Mobile Number দিতে হবে।
এর পাশাপাশি অনলাইন ফর্মে পরিবার সম্পর্কিত বিস্তৃত তথ্যও চাওয়া হয়। ১২ পাতার বাংলা ফর্মে পরিবারের সদস্যদের নাম, জন্মতারিখ, ঠিকানা, সম্পর্ক, প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার-সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, ভোটার কার্ডের তথ্য, বিধানসভা কেন্দ্র ও Part Number-সহ একাধিক তথ্য চাওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার নামে বিভিন্ন ভুয়ো লিঙ্ক ও ওয়েবসাইট ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। তাই Aadhaar, ব্যাঙ্কের তথ্য বা অন্যান্য ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে অবশ্যই সরকারি পোর্টাল ব্যবহার করুন। অচেনা লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য বা OTP দেবেন না।
লক্ষ্মীর ভাণ্ডার না পেলেও মিলবে অন্নপূর্ণা যোজনা
'অন্নপূর্ণা যোজনা' নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাঁরা বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে 'লক্ষ্মীর ভাণ্ডার' থেকে বঞ্চিত হয়েছেন, এবার তাঁরা 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা পাবেন। 'অন্নপূর্ণা যোজনা'র আবেদনকারীদের নথিপত্র ভেরিফিকেশনের কাজ এখনও চলছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আবারও নতুন করে আবেদন করা যাবে। যাঁরা এখনও ফর্ম জমা দিতে পারেননি, তাঁদের জন্য এই বিশেষ সুবিধার ঘোষণা করেছে রাজ্য সরকার।
জরুরি তথ্য
এমন অনেক মহিলা রয়েছেন যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আগে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশনের ওয়েবসাইটে আবেদন করেনি। যদি এখন সেই ওয়েবসাইটে তাঁরা লগইন করেন, তাহলে দেখা যাবে সেখানে একটা অপশন রয়েছে নিউ ফর্ম ফিল আপের। আর তার ঠিক পাশে রয়েছে কোনও অভিযোগ জানানোর জায়গাও। আর এর ঠিক নীচে লেখা রয়েছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম বর্তমানে সাময়িক ভাবে উপলব্ধ নয়। যদিও ওই রেজিস্ট্রেশন বা নতুন করে ফর্ম ফিলআপের যে জায়গাটা রয়েছে, সেখানে ক্লিক করলে সেটা কোনও কাজ করছে না। অর্থাৎ, বর্তমানে নতুন করে ফর্ম ফিলআপের এই জায়গাটা এখন বন্ধ রয়েছে। তবে, এই ওয়েবসাইট থেকে আগে এই লগইনের জায়গাটাই সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে লগইনের জায়গাটা ফিরে এসেছে ও সেখানে লগইনও করা যাচ্ছে। লগইন করে সেখানে নতুন করে ফর্ম ফিলআপের জায়গাটাও দেখা যাচ্ছে। আর সেই কারণেই মনে করা হচ্ছে আগামীতে নতুন করে আবেদনের এই জায়গাটা খুলে দেবে সরকার। আর তারপর থেকেই নতুন করে এই ওয়েবসাইটের মাধ্যমে লগইন করা যাবে।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, জুন মাসে ২৮ লক্ষ মহিলাকে দিয়ে অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়া শুরু হয়েছিল। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ কোটি ২৮ লক্ষে। চলতি মাসে আরও আবেদন যাচাইয়ের পর প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই সুবিধার আওতায় এসেছেন। এদিকে, এখনও পর্যন্ত প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে এবং আরও ১৪ লক্ষ আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে বলে সরকারি সূত্রে খবর। বাতিল হওয়া আবেদনকারীদের যাতে প্রকৃত যোগ্যতা থাকলে তাঁরা ফের প্রকল্পের সুবিধা পান, সেই লক্ষ্যেই ক্লেম অ্যান্ড অবজেকশন পোর্টাল চালু করা হয়েছে। একই সঙ্গে যোগ্য কোনও মহিলা যাতে বাদ না পড়েন, তা নিশ্চিত করতে মহিলা মোর্চার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে। নবান্ন জানিয়েছে, ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া আবেদনগুলির যাচাই প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁরাই প্রকল্পের সুবিধা পাবেন। যাচাই শেষ না হওয়া পর্যন্ত নতুন করে ফর্ম গ্রহণও বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরেই 'অন্নপূর্ণা যোজনা'র পোর্টাল বন্ধ ছিল। নতুন করে অনেকেই আবেদন করতে পারেননি। তাঁদের জন্যই বড়সড় ঘোষণা করেছে সরকার। জানানো হয়েছে, নতুন আবেদন যাঁরা করতে চান, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তাঁরা সুযোগ পাবেন।