• তিনটি দেশে ভারতের রাষ্ট্রদূত, SIR-এ ‘ফেল’ প্রবীণ কূটনীতিক, চাওয়া হলো অতিরিক্ত নথিপত্র
    এই সময় | ২৪ আগস্ট ২০২৬
  • তিনি অভিজ্ঞ কূটনীতিক। তিনটি দেশে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এ বার বিপাকে পড়লেন নবদীপ সুরি। পাঞ্জাবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। সেখানেই নাগরিকত্বের প্রমাণ চেয়ে তাঁকে অতিরিক্ত নথি জমা দিতে বলা হয়েছে বলে অভিযোগ নবদীপের। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন, পাঞ্জাব সরকার বা কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    নবদীপ সুরি অমৃতসরে থাকেন। পাঞ্জাবে এখন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। তিনি জানিয়েছেন, সেই কাজেই বুথ লেভেল অফিসারের কাছে ভোটার কার্ড এবং আধার কার্ড দেখিয়ে ফর্ম ফিলআপ করেছিলেন। তাঁকে জানানো হয়েছিল, নথিপত্রে কোনও সমস্যা নেই। কিন্তু পরে পরিস্থিতি বদলে যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে নবদীপ লিখেছেন, ‘প্রথমে সব ঠিকই ছিল। পরে SIR-এর সঙ্গে যুক্ত এক কর্মী জানান, ২০০৩-এর SIR-এর সঙ্গে আমার কিছু তথ্য মিলছে না।’

    নবদীপ সুরির দাবি, ২০০৩-এ তিনি ভারতে ছিলেন না। বিদেশে গিয়েছিলেন। এখন ওই বছরের তথ্যের সঙ্গে তাঁর বর্তমান নথি মিলছে না। তাই নবদীপকে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন হাই কমিশনার ছিলেন নবদীপ। সংযুক্ত আরব আমিরশাহি ও মিশরে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন। ২০১৯-এ অবসর নেন। সুরি প্রশ্ন তুলেছেন, ‘তিনটি দেশে ভারতের প্রতিনিধিত্ব করার পরেও যদি নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়, তা হলে সাধারণ মানুষের কী হবে?’

    প্রবীণ কূটনীতিকের কাছে পাসপোর্ট চাওয়া নিয়েও প্রশ্ন উঠছে। বিদেশ মন্ত্রক চলতি বছরের জুনে জানিয়েছিল, নথি যাচাই এবং পুলিশ ভেরিফিকেশনের পরে সাধারণত ভারতীয় নাগরিকদেরই পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু পাসপোর্ট ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। আধার কার্ডও ভারতে বসবাসের প্রমাণ হিসেবে কাজ করে। সেটা নাগরিকত্বের প্রমাণপত্র নয়।

    পাঞ্জাবে এখন SIR-এর দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। প্রথম পর্যায়ে ২৫ জুন থেকে ৩ অগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করেন নির্বাচনকর্মীরা। ১১৭টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই নিয়ে কোনও আপত্তি থাকলে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। ৮ অক্টোবর পর্যন্ত তা খতিয়ে দেখা হবে। এর পরে ১২ অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

    প্রশ্ন: নবদীপ সুরি কে?

    উত্তর: নবদীপ সুরি একজন অবসরপ্রাপ্ত ভারতীয় কূটনীতিক। অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার এবং সংযুক্ত আরব আমিরশাহি ও মিশরে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি।

    প্রশ্ন: SIR-এর সময় তাঁর কী সমস্যা হয়েছে?

    উত্তর: সুরির দাবি, ২০০৩ সালের SIR-এর তথ্যের সঙ্গে তাঁর বর্তমান তথ্যের কিছু অমিল পাওয়া গিয়েছে। এর পর তাঁকে অতিরিক্ত নথি জমা দিতে বলা হয়।

    প্রশ্ন: তাঁর কাছে কোন নথি চাওয়া হয়েছিল?

    উত্তর: সুরির বক্তব্য অনুযায়ী, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে তাঁর কাছে পাসপোর্ট চাওয়া হয়েছিল।

    প্রশ্ন: তিনি কি আগে কোনও নথি জমা দিয়েছিলেন?

    উত্তর: হ্যাঁ। তিনি BLO-র কাছে ভোটার কার্ড ও আধার কার্ড জমা দিয়েছিলেন। প্রথমে তাঁকে জানানো হয়েছিল, নথিতে কোনও সমস্যা নেই।

    প্রশ্ন: ২০০৩ সালের তথ্যের সঙ্গে অমিল কেন?

    উত্তর: সুরির দাবি, ২০০৩ সালে তিনি ভারতে ছিলেন না। বিদেশে কর্মরত থাকার কারণে ওই সময়ের তথ্যের সঙ্গে তাঁর বর্তমান নথির অমিল হয়েছে।

    প্রশ্ন: পাসপোর্ট কি ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ?

    উত্তর: না। বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, পাসপোর্ট সাধারণত ভারতীয় নাগরিকদের দেওয়া হলেও সেটি একা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। আধারও নাগরিকত্বের প্রমাণ নয়।

    প্রশ্ন: নবদীপ সুরির নাম কি ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে?

    উত্তর: এমন কোনও তথ্য নেই। তাঁর দাবি অনুযায়ী, ২০০৩ সালের তথ্যের সঙ্গে অমিলের কারণে অতিরিক্ত নথি চাওয়া হয়েছে। নাম বাদ যাওয়ার কথা তিনি বলেননি।

    প্রশ্ন: পঞ্জাবে SIR-এর পরবর্তী ধাপ কী?

    উত্তর: ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভোটাররা খসড়া তালিকা নিয়ে দাবি বা আপত্তি জানাতে পারবেন। ৮ অক্টোবরের মধ্যে তা খতিয়ে দেখা হবে এবং ১২ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা।

  • Link to this news (এই সময়)