• ‘আমি হয়তো চিৎকার করে বলেছি...’, দুধ গরম বিতর্কে ফের মুখ খুললেন অগ্নিমিত্রা
    এই সময় | ২৪ আগস্ট ২০২৬
  • শহরের রাস্তায় দুধ গরম করা যাবে না—মন্ত্রী অগ্নিমিত্রা পালের সেই ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ভাইরাল। পার্ক স্ট্রিট এলাকায় শনিবার পুরমন্ত্রী অগ্নিমিত্রা এক ফুটপাথবাসী মহিলাকে স্টোভে শিশুর জন্য দুধ গরম করতে দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ভিডিয়ো ভাইরাল হতেই বিরোধীরা তাঁকে 'অমানবিক' তকমা দেয়। এ নিয়ে সোমবার নিজের সোশ্যাল হ্যান্ডল থেকে ফের ব্যাখ্যা দিলেন অগ্নিমিত্রা পাল।

    অগ্নিমিত্রার তোপ, ‘বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম। কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে ওই পরিবারের কাছে যায়নি। সবাই রাজনীতির আগুনে রুটি সেঁকেছে।’ শিশুর দুধ গরম করায় বাধা দেওয়ায় মন্ত্রীর মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। সেই প্রসঙ্গ টেনে মন্ত্রীর তোপ, ‘যাঁরা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে, সারা বাংলাকে শেষ করেছে, ছত্রে ছত্রে দুর্নীতি করেছে, তাদের কাছ থেকে মানবিকতা শিখতে হবে না।’

    কেন ওই কথা বলেছেন অগ্নিমিত্রা পাল?

    মন্ত্রীর অগ্নিমিত্রা পাল বলেন, ‘ব্যস্ত রাস্তা, সারাক্ষণ গাড়ি ছুটছে। প্রায় রাস্তার লেভেলে ফুটপাথ। সেখানে মাস ছয়েকের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, কাছাকাছি কোনও অভিভাবক নেই। দূরে বাচ্চাটির মা-ঠাকুমা রয়েছেন। কোনও দুর্ঘটনা হলে দায় নেবে কে?’

    দুধের পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, ‘ফুটপাথের উপর কেরোসিন স্টোভে এক গামলা দুধ জ্বাল দেওয়া হচ্ছিল।’ তাঁর আরও সংযোজন, ‘স্টোভে আগুন জ্বলছে, পাশ দিয়ে লোকজন যাতায়াত করছে, স্কুলের বাচ্চারা যাচ্ছে। যদিও কোনও কারণে দুর্ঘটনা হয় কে দায় নেবে?’

    বিজেপির আমলে ফুটপাথ সাফ রাখা হবে বলে স্পষ্ট জানিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর মন্তব্য, ‘ফুটপাথ না বড়লোকের না গরিবের। ফুটপাথ মানুষের জন্য, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে...মানুষের জন্য আমরা কাজ করব, যতই বিরোধীদের খারাপ লাগুক।’

    মন্ত্রীর দাবি, এখন রাজ্যে বিনিয়োগের কথা হচ্ছে। নতুন শিল্প আনার চেষ্টা চলছে। শিল্পপতিরা এসে যদি দেখেন রাস্তাঘাটে যানজট, খারাপ রাস্তা-তাহলে তাঁরা আসবেন কি না, সেই প্রশ্ন তোলেন তিনি। সব উন্নয়নের কাজের আগে শহর সুন্দর করতে হবে বলে মন্তব্য তাঁর।

    ভিডিয়োতে দেখা গিয়েছে, মন্ত্রী চিৎকার করে সরে যেতে বলছেন ওই মহিলাকে। তাঁর বলার ধরন নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন। সেই প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আমি হয়তো চিৎকার করে বলেছি, সেটা হয়তো আরেকটু নরম করে, আরেকটু বুঝিয়ে বলা উচিত ছিল।’

  • Link to this news (এই সময়)