সোমবার সকাল থেকেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি-NCR। ভারী বৃষ্টির পূর্বাভাসে দিল্লির বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রতিকূল আবহাওয়ার জেরে দিল্লি বিমানবন্দর থেকে এখনও পর্যন্ত ১৫টি বিমান অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টির জেরে রাস্তার অবস্থাও তথৈবচ। বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়া এবং ধীর গতিতে চলছে যানবাহন। ফলে লম্বা যানজট রাস্তায়। এর অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
ভোগান্তির এখানেই শেষ নয়, IMD দিল্লির বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি কিছু জেলায় মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিল্লির বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
খারাপ আবহাওয়ার জেরে সব থেকে বেশি প্রভাব পড়েছে বিমান পরিষেবায়। প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে এখনও পর্যন্ত ১৫টি উড়ান অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, ১২টি উড়ানকে দিল্লির বদলে জয়পুরে, দু’টিকে চন্ডীগড় ও একটিকে লখনৌয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও প্রায় ২৫০টি ফ্লাইটের সময় পিছিয়ে গিয়েছে।
এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেট যাত্রীদের জন্য পৃথক ট্রাভেল অ্যাডভাইজ়রি জারি করে বিমান ছাড়ার আগে ফ্লাইটের স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে।
ইন্ডিগো জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলের সময়সূচিতে ব্যাপক প্রভাব পড়েছে। অন্যদিকে এয়ার ইন্ডিয়াও দিল্লি থেকে যাওয়া এবং দিল্লিতে আসা বিমান পরিষেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনার কথা জানিয়েছে। রাস্তায় যানজটের কারণে বিমানবন্দরে পৌঁছতে অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
IMD জানিয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, শাহদরা, মধ্য দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, নয়াদিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি এবং উত্তর দিল্লির কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া মধ্য দিল্লি, দক্ষিণ দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি ও উত্তর দিল্লির একাধিক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
প্রবল বৃষ্টির পরে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। দিল্লি থেকে নয়ডার দিকে যাতায়াতকারী বহু অফিসযাত্রীকে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয়েছে। অনেকেরই স্বাভাবিক যাতায়াতের সময় প্রায় দ্বিগুণ হয়ে যায়। গাজ়িয়াবাদেও বৃষ্টির পর একাধিক রাস্তায় যানজটের খবর পাওয়া গিয়েছে।
দিল্লির পাশাপাশি নয়ডা, গাজ়িয়াবাদ এবং গুরুগ্রামেও ভারী বৃষ্টির প্রভাব পড়েছে। বিভিন্ন জায়গায় জল জমে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনও দিল্লি-NCR-এর কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া চলতে পারে। ফলে জল জমা ও যানজটের পরিস্থিতি আরও কিছুটা ভোগাতে পারে রাজধানীবাসীকে।