দক্ষিণ কলকাতার বুকে সাপের আতঙ্ক। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগে এক পড়ুয়াকে সাপ কামড়েছে। সোমবার সকালের ঘটনা, জখম নাবালক প্রথম শ্রেণির পড়ুয়া। টিফিনের সময়ে এই ঘটনা ঘটে বলে সূত্রের খবর। ওই পড়ুয়ার কাছ থেকে ঘটনার কথা জেনে তাকে নিয়ে দ্রুত SSKM হাসপাতালে যান স্কুল শিক্ষকরা।
স্কুলের তরফে জানা গিয়েছে, ১৫-২০ মিনিটের মধ্যেই ওই পড়ুয়াকে নিয়ে হাসপাতালে পৌঁছনো হয়। স্কুলের TIC সোমা দাস জানিয়েছেন, চিকিৎসক দেখে স্নেক বাইট অর্থাৎ সাপের কামড় হিসেবেই চিহ্নিত করেছেন। প্রাথমিকের ওই পড়ুয়াকে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু হয়েছে। ওষুধ দেওয়া শুরু হয়েছে, আপাতত ঠিক রয়েছে বাচ্চাটি। শিশু বিভাগে চিকিৎসাধীন ওই পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রেও খবর।
জানা গিয়েছে, প্রথম শ্রেণির ওই ছাত্রের বাড়ি টালিগঞ্জে। প্রতিদিনের মতো সোমবারও স্কুলে এসেছিল সে। সকাল সাড়ে ৮টা নাগাদ টিফিন বিরতি চলছিল। সেই সময়ে আচমকা তার ডান হাতে সাপের কামড় লাগে বলে অভিযোগ। ঘটনার পরেই স্কুল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক বিভাগের ক্লাস মূলত স্কুলের দ্বিতীয় ও তৃতীয় তলায় হয়। কিন্তু টিফিনের সময় ছোট পড়ুয়ারা একতলায় নেমে খেলাধুলা করছিল। সেই সময়েই ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। স্কুলের TIC সোমা দাস বলেন, ‘২৬-২৭ বছর ধরে চাকরি করছি। এই প্রথম এমন ঘটনা দেখলাম...এখন স্কুলে ডে সেকশন চলছে। বন দপ্তরের লোকজন এসেছেন, পুলিশ এসেছে। সাপের খোঁজ চলছে।’ স্কুল শিক্ষকদের প্রাথমিক অনুমান, একতলার ১৩, ১৪ অথবা ১৫ নম্বর ঘরের আশপাশে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কোন জায়গা থেকে সাপটি এসেছিল, তা এখনও নিশ্চিত নয়।
ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছেন। টিফিনের সময় ওই এলাকায় কারা ছিল, পড়ুয়াটি কোথায় গিয়েছিল এবং সাপটি কোন দিক থেকে এসেছিল—সিসিটিভি ফুটেজ দেখে তারই উত্তর খোঁজার চেষ্টা চলছে। দুপুর পর্যন্ত স্কুল চত্বরে সাপটির কোনও সন্ধান মেলেনি।স্কুলের ভিতরে এখনও সেটি কোথাও লুকিয়ে রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষক-অভিভাবকদের মধ্যে।
আজ যদি সাপ খুঁজে না পাওয়া যায়, আগামিকাল কি স্কুল বন্ধ থাকবে? স্কুলের TIC সোমা দাস জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। পড়ুয়াদের স্বার্থে যা নিরাপদ ও ভালো হবে, তাই করা হবে বলে তাঁর আশ্বাস।
দিন কয়েক আগেই কলকাতার হেরিটেজ স্কুলে এক পড়ুয়াকে সাপে কামড়ানোর অভিযোগ ওঠে। এ বার ভবানীপুরের মতো শহুরে এলাকার স্কুল মিত্র ইনস্টিটিউশনে প্রাথমিক পড়ুয়াকে সাপে কামড়ানোর ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকেরা।