• কলকাতা ম্যাচের আগে ঢাকায় অনুশীলন করবে পারে ব্রাজিল, হঠাৎ বাংলাদেশে আগ্রহ কেন জুনিয়রদের?
    আজ তক | ২৪ আগস্ট ২০২৬
  • ৩ অক্টোবর সল্টলেকে ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে তার আগে বাংলাদেশে ট্রেনিং ক্যাম্প করতে পারে তারা। বাংলাদেশের ফুটবল ফেডারেশন বা BFF জানিয়েছে, ব্রাজিলের প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় একাধিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সল্টলেকে খেললেও ব্রাজিল দল কেন বাংলাদেশে অনুশীলন করতে চাইছে তা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন, তাহলে কি সল্টলেক বা ভারতে এমন কোনও মাঠ নেই যেখানে অনুশীলন করতে পারে ব্রাজিল দল? 

    গতকাল রবিবার পাঁচ সদস্যের একটি ব্রাজিলীয় প্রতিনিধি দল ঢাকায় পৌঁছয়।  ঢাকার জাতীয় স্টেডিয়াম বসুন্ধরা কিংস অ্যারেনা এবং একাধিক হোটেল পরিদর্শন করে তারা। মাঠের অবস্থা, অনুশীলনের পরিকাঠামো, নিরাপত্তা- সব খতিয়ে দেখা হয়। 

    ব্রাজিলের প্রতিনিধিদলের এই সফর নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল জানিয়েছেন, ব্রাজিল ঢাকায় অনুশীলন করতে পারে কি না, এমনকী বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলা যায় কি না- এই সব সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। 

    কেন বাংলাদেশে ট্রেনিং করতে চাইতে পারে ব্রাজিল?

    বাংলাদেশে ব্রাজিলের অনুশীলনের সম্ভাবনার প্রধান কারণ হতে পারে দেশটির ভৌগোলিক অবস্থান। ব্রাজিলের সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার কথা তাদের। এরপর কলকাতায় এসে ৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবেন জুনিয়ররা। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি কলকাতায় এসে অনুশীলন করার পরিবর্তে ঢাকাকে একটি বিকল্প ট্রেনিং বেস হিসেবে ব্যবহার করা যেতে পারে। কলকাতা ও ঢাকার মধ্যে দূরত্বও তুলনামূলকভাবে কম। ফলে দলের অনুশীলন এবং যাতায়াতের ক্ষেত্রে ঢাকাকে সুবিধাজনক বিকল্প হিসেবে বিবেচনা করা হতে পারে।

    বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ ব্রাজিলের জাতীয় দলের অনুশীলনের জন্য মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল স্টাফদের জায়গা এবং প্রবেশ ও বেরোনোর সময় নিরাপত্তা ব্যবস্থার মতো কিছু পরিকাঠামোয় উন্নতির প্রয়োজন রয়েছে।

    বাংলাদেশ-ব্রাজিল ম্যাচও কি হতে পারে?

    শুধু ট্রেনিং নয়, বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ নিয়েও আলোচনা হয়েছে বলে BFF জানিয়েছে। ৫ অথবা ৬ অক্টোবর এমন ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

    তবে এখানে একটি বড় সমস্যা রয়েছে। বাংলাদেশ ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় FIFA ASEAN Cup-এ অংশ নেবে। ফলে ৫ বা ৬ অক্টোবর বাংলাদেশের পক্ষে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খেলার বাস্তব সম্ভাবনা কতটা, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

    এখনও পর্যন্ত ব্রাজিলের নিশ্চিত সূচি হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ এবং এরপর কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচ। ঢাকায় ট্রেনিং বা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ- দুটিই এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

    কলকাতার মাঠ নিয়ে ব্রাজিলের উদ্বেগ

    বাংলাদেশে ব্রাজিলীয় প্রতিনিধিদলের সফরের সময় কলকাতার মাঠের পরিস্থিতিও আলোচনায় এসেছে। ৩ অক্টোবর ভারত-ব্রাজিল ম্যাচের ভেন্যু সল্টলেক স্টেডিয়ামের মাঠ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলের প্রতিনিধিদল কলকাতার মাঠে ঘাসের ঘনত্ব কম থাকা, অসমান সারফেস এবং টার্ফের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে মাঠের অবস্থা ব্রাজিলের খেলোয়াড়দের চোটের ঝুঁকি বাড়াতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।

    খবরে প্রকাশ, ব্রাজিলের দলে ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকা ফুটবলারদের খেলার সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচের আগে সল্টলেক স্টেডিয়ামের মাঠের মান উন্নত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    তবে আপাতত ব্রাজিলের নিশ্চিত সূচিতে বাংলাদেশ নেই। অস্ট্রেলিয়ার পর কলকাতাই তাদের পরবর্তী গন্তব্য। ঢাকাকে ট্রেনিং বেস হিসেবে ব্যবহার করা হবে কি না, কিংবা বাংলাদেশের বিরুদ্ধে কোনও ম্যাচ হবে কি না- তা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। 
     
  • Link to this news (আজ তক)