এবার খাস কলকাতার ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনের এক পড়ুয়াকে সাপের কামড়। ইতিমধ্যেই তাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। বর্তমানে ওই পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, সাপের কামড় খাওয়া ওই ছাত্রের নাম দৃপ্ত পাল। সে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের ক্লাস ১-এ পড়ে। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টিফিনের সময় তাকে সাপে কামড়ায় বলে জানা যাচ্ছে। ঘটনার পরই স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও স্কুল কর্তৃপক্ষ দ্রুত সেই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করে দেয়।
এখন কেমন আছে দৃপ্ত?
হাসপাতাল সূত্রে খবর, তাকে প্রথমে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। তারপর ট্রান্সফার করে দেওয়া হয় পেডিয়াট্রিক বিভাগে। তার অবস্থা এখন স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বর্তমানে তার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন চিকিৎসেকরা। সেই রিপোর্ট থেকেই জানা যাবে সাপটা বিষাক্ত ছিল কি না।
এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন স্কুলের প্রধান শিক্ষক রাজা দে। তিনি বলেন, 'আমি যখন স্কুলে ঢুকছি, তার আগে রাস্তাতেই ফোন গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ভবানীপুর থানা, কেএমসি এবং বন দফতরের সঙ্গে যোগাযোগ করি। আমাদের দিক থেকে যা যা করার করেছি।'
পাশাপাশি তিনি জানান, ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন স্থিতিশীল। যদিও তিনি দাবি করেন, এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি।
মাথায় রাখতে হবে, ভবানীপুরের মিত্র ইনস্টিটিশন একটি ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান। এখানেই পড়তেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ৬ জুলাই তাঁর জন্মদিনে এই স্কুলেই এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই স্কুলেই এবার প্রথম শ্রেণির এক পড়ুয়াকে কামড়াল সাপ।
এই ঘটনার পরই সাপের খোঁজে তল্লাশি শুরু হয়েছি। যদিও তার দেখা এখনও মেলেনি বলেই জানা যাচ্ছে।