• মণিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ! গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান, পরপর বাড়িতে আগুন
    প্রতিদিন | ২৪ আগস্ট ২০২৬
  • ফের রণক্ষেত্রে মণিপুর (Manipur)। দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হলেন এক সিআরপিএফ জওয়ান। একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে দুষ্কৃতীদের তরফে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একের পর এক হিংসাত্মক ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার জেরে এদিন সকাল থেকে রাস্তা অবরোধ শুরু করেছেন স্থানীয়রা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত রবিবার রাত আড়াইটে নাগাদ। কাংপোকপি জেলার তাপৌ কুকি গ্রামে দুষ্কৃতীরা একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই হামলার খবর সামনে আসার পর ভোর চারটে নাগাদ সেনাপতি জেলার নাগা তাপৌ গ্রামে পুড়িয়ে দেওয়া হয় পরপর বাড়ি। এই ঘটনার পর ওই গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় গুলির লড়াই। এলাকায় দুই দলের মধ্যে গোলাগুলিতে একজন সিআরপিএফ জওয়ান আহত হন। তাঁকে সেনাপতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সেনাপতিতে অগ্নিসংযোগের ঘটনায় মুহূর্তের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা সেনাপতি গেটে জড়ো হন ২ নম্বর জাতীয় সড়কে কাঠ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নিরাপত্তা বাড়ানো করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে তাপৌ কুকি ভিলেজ অথরিটির তরফে এক বিবৃতি জারি করা হয়েছে। যেখানে সাধারণ মানুষের বাড়িতে আগুন লাগানোর ঘটনার তীব্র নিন্দা করেছে সংগঠনটি। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কুকিরা।

    প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে উত্তপ্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। হিংসার জেরে এই এলাকায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। দফায় দফায় হামলা হয়েছে নিরাপত্তাবাহিনীর উপরেও। গত মাসে বিদ্রোহীদের হামলায় অসম রাইফেলসের দুই জওয়ানের মৃত্যু হয়। কুকি-মেতেই সংঘর্ষে দফায় দফায় আগুন জ্বলেছে মণিপুরের একের পর এক জেলায়। ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে কাংপোকপি, সেনাপতি জেলা অন্যতম।
  • Link to this news (প্রতিদিন)