যত্রতত্র স্লোগান লেখা রুখতে পদক্ষেপ, সব মেডিক্যাল কলেজে থাকবে প্রতিবাদের দেওয়াল
প্রতিদিন | ২৪ আগস্ট ২০২৬
প্রতিবাদের স্লোগান লেখার জন্য দেওয়াল তৈরি করে দেবে প্রশাসন। নাম দেওয়া হবে ডেমোক্রেসি ওয়াল। সূত্রের খবর, প্রতিটি মেডিক্যাল কলেজে (Medical College) থাকবে এহেন দেওয়াল।
দেওয়াল বিতর্কের বাহাত্তর ঘণ্টার মধ্যেই ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। সম্প্রতি বর্ধমান মেডিক্যাল কলেজ চত্বর জুড়ে স্লোগানের বাহার দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। দেওয়াল জুড়ে লেখা মুছতে বেঁধে দিয়েছিলেন সময়সীমাও। জুনিয়র ডাক্তারদের সংগঠন ডাব্লুবিজেডিএফ তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেওয়ালের এই ছবি, লেখা, গ্র্যাফিতি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো ক্ষোভের প্রতিফলন। শাসকের মুছে দেওয়ার চেষ্টা ব্যর্থ হবে।
যদিও স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, আমার কথার ভুল ব্যাখা হয়েছে। আমি প্রতিবাদ বা দেওয়াল লিখনের বিরুদ্ধে নই। ‘সংবাদ প্রতিদিন’-কে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “প্রতিবাদ হবেই। ডাক্তারি ছাত্র-ছাত্রীরা সমাজ সচেতন। তারা সমকালীন কোনও বিষয় নিয়ে প্রতিবাদ করবে এটা অত্যন্ত স্বাভাবিক। আমিও ডাক্তারি পড়াকালীন একাধিক বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছি।”
তাহলে? স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রতিবাদ করার জন্য আমি আলাদা দেওয়াল তৈরির কথা বলেছি। প্রতিটি মেডিক্যাল কলেজে আলাদা দেওয়াল তৈরি করে দেওয়া হবে। এখনও তার নাম ঠিক হয়নি। তবে দু’টি নাম নিয়ে আলোচনা চলছে। ‘ডেমোক্রেসি ওয়াল’ অথবা ‘প্রতিবাদ দেওয়াল।’ ইতিমধ্যেই বর্ধমান মেডিক্যাল কলেজে তা নিয়ে চূড়ান্ত আলোচনা হয়ে গিয়েছে জেলাশাসকের সঙ্গে। ধীরে ধীরে বাংলাজুড়ে সমস্ত মেডিক্যাল কলেজে এমন দেওয়াল তৈরি করে দেবে স্বাস্থ্য দপ্তর-প্রশাসন।
আমেরিকার পিপারডাইন বিশ্ববিদ্যালয়ে রয়েছে এমন ‘ফ্রিডম ওয়াল।’ রয়েছে ফিলিপিনসের সিলিম্যান বিশ্ববিদ্যালয়ে। সেখানে যত্রতত্র নয়, নির্দিষ্ট দেওয়ালে প্রতিবাদের ভাষা লেখেন ছাত্র-ছাত্রীরা। যত্রতত্র লেখাকে দৃশ্যদূষণ বলে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচনের সময় এলাকার বিভিন্ন দেওয়ালে লেখা হয়। তারপর তা মুছে দিতে হয়। নির্বাচন কমিশনের তা নিয়ে নির্দিষ্ট নিয়ম আছে। লিখতে তো সবারই ইচ্ছে হয়। কিন্তু মনে রাখবেন সরকারি হাসপাতাল পাবলিক প্লেস। সেখানে ইচ্ছেমতো লেখা আঁকিবুকি কাটা যায় না। এটা আদালতের নিয়ম। পাবলিক প্রপার্টি নষ্ট করা আইনবিরুদ্ধ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন যে দেওয়াল মেডিক্যাল কলেজগুলিতে তৈরি করে দেওয়া হবে তাতে যে কোনও প্রতিবাদের ভাষা লেখা যাবে। এমন জায়গায় দেওয়াল তৈরি করা হবে যাতে তা সকলের তা চোখে পড়ে। প্রতিটি মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের সমস্য সদস্যর সঙ্গে কথা বলে গণতান্ত্রিক উপায়ে তৈরি করা হবে সেই দেওয়াল।