জন প্রতি ১১ হাজারে সীমান্ত পার! মুর্শিদাবাদে পুলিশের জালে ২ পাচারকারী, ধৃত বাংলাদেশিও
প্রতিদিন | ২৪ আগস্ট ২০২৬
১১ হাজার টাকা খসালেই নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বাংলাদেশে যাওয়া-আসা! শুধু তাই নয়, বেশি টাকা দিলে সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদক পাচারও সম্ভব! সেই কথা জানতে পেরেই রীতিমতো জাল বিছিয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার এপাড়ের ২ পাচারকারী। পাকড়াও করা হয়েছে এক অনুপ্রবেশকারীকে। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফসিরাপও। চাঞ্চল্যকর ঘটনাটি মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর এলাকার।
রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে। অনুপ্রবেশ বন্ধ করতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি উত্তরবঙ্গে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসএসবি ও বিএসএফ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকও করেন। অনুপ্রবেশ রুখতে কড়া নির্দেশ দিয়েছেন শাহ। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ ও পুলিশ কড়া নজরদারি, ধরপাকড়ও চালাচ্ছে। তেমনই এক অভিযানে এই সাফল্য মিলল। পাশাপাশি মিলল চাঞ্চল্যকর তথ্য।
অনুপ্রবেশকারীদের সীমান্ত পারাপার করানোর অভিযোগে গ্রেপ্তার করা হল তপন মণ্ডল, জাহাঙ্গির শেখকে। তাঁদের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অনুপ্রবেশকারী আনসুর আলিকেও। ধৃত দুই পাচারকারীদের বাড়ি রানিনগরের পুরাতন ডিগ্রি গ্রামে। আনসুর আলির বাংলাদেশের রাজশাহীতে। রবিবার গভীর রাতের দিকে এক বাংলাদেশি নাগরিককে নিষিদ্ধ কাশির সিরাপ-সহ সীমান্ত পার করানোর চেষ্টা হবে! গোপন সূত্রে রানিনগর থানার পুলিশের কাছে সেই খবর এসেছিল। এরপরই অভিযান চালানো হয়। সীমান্ত এলাকায় শুরু হয় কড়া নজরদারি। সীমান্ত যাওয়ার পথে ওই তিনজনকে দেখতে পেয়ে প্রথমে জেরা করা হয়। তিনজনের কথাতেই অনেক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে।
জানা গিয়েছে, এপাড়ের বাসিন্দা দুই পাচারকারী মাথাপিছু ১১ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করাত! পুলিশের দাবি, ধৃত বাংলাদেশি নাগরিক আনসুর শেখের আসল বাড়ি বাংলাদেশের রাজশাহীতে। কয়েক বছর আগে ভারতে এসেছিলেন এবং লালগোলায় বিয়ে করে শ্বশুরবাড়ির এলাকায় বসবাস করছিলেন। তদন্তে আরও জানা গিয়েছে, শ্বশুরকে বাবা পরিচয়ের মাধ্যমে এদেশের নকল আধার ও ভোটার কার্ডও তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। রবিবার তিনি বাংলাদেশে নিজের বাড়িতে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তার আগেই পাকড়াও করা হল। ধৃতদের থেকে ৩৮১ বোতল নিষিদ্ধ কাশির সিরাপও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত ১৯ আগস্ট বুধবার দিনের বেলায় অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল রানিনগর থানার পুলিশ। তাদের জেরা করে পাচারকারীদের সন্ধান মিলেছে বলে খবর।