• শিল্প ফেরাতে উদ্যোগপতিদের সঙ্গে কল্যাণীতে বৈঠক মন্ত্রীর
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, কল্যাণী: একসময় কলকারখানার সাইরেনে ঘুম ভাঙত কল্যাণীর মানুষের। শহরের আকাশে দেখা যেত একাধিক কারখানার চিমনি থেকে ধোঁয়া। এখানে কমবেশি ৩০০ কলকারখানা ছিল। সেই ছবি আজ অতীত। এখন রয়েছে হাতে গোনা কয়েকটি কারখানা। দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় কল্যাণীর ইন্ডাস্ট্রিকে ফের চাঙা করার সম্ভাবনা নিয়ে শনিবার সন্ধ্যায় স্থানীয় শিল্পপতিদের সঙ্গে কল্যাণীর একটি বেসরকারি লজে বৈঠক করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। এই গুরুত্বপূর্ণ বৈঠকের পিছনে মূল ভূমিকা রয়েছে স্থানীয় বিধায়ক অনুপম বিশ্বাসের।

    বৈঠকে শিল্পপতিরা তুলে ধরেন কল্যাণীতে ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি। কীভাবে বন্ধ বা নিষ্ক্রিয় শিল্প প্রতিষ্ঠানগুলিকে পুনরুজ্জীবিত করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হয়। শিল্পমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে শুনে বলেন, এখনকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। টেক্সটাইল ও হোসিয়ারি হাব তৈরির জন্য একাধিক উদ্যোগপতির কাছ থেকে জমি ও প্রকল্পের প্রস্তাব পাওয়া গিয়েছে। তবে সকল আবেদনকারীর পক্ষে জমি পাওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট জানিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, সরকারি জমির বণ্টন যাতে সঠিকভাবে হয় এবং যোগ্যরা জমি পান, সেদিকে নজর রাখা হচ্ছে। বৈঠকে শিল্প পরিকাঠামো, বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনাও উঠে আসে। নতুন সরকারের শিল্পমন্ত্রীর প্রথম এই সফর ঘিরে শিল্পমহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
  • Link to this news (বর্তমান)