• ‘নিজেকে কী মনে করেন?’ রোগীর ছেলের হাতে আক্রান্ত চিকিৎসক, থানেতে ফের ডাক্তার নিগ্রহের অভিযোগ
    এই সময় | ২৪ আগস্ট ২০২৬
  • মহারাষ্ট্রে ফের আক্রান্ত হলেন এক চিকিৎসক। থানেতে কল্যাণের একটি বেসরকারি হাসপাতালে রোগীর ছেলের হাতে আক্রান্ত হয়েছেন অর্থোপেডিক চিকিৎসক ডা. যোগেন্দ্র জয়সওয়াল। শনিবার রাত প্রায় ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময়ে তিনি এক রোগীকে পরীক্ষা করছিলেন। অভিযোগ, রোগীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা চলাকালীন চিকিৎসককে অসম্মানজনকভাবে সম্বোধন করেন ওই রোগীর ছেলে। তিনি তার প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জয়বন্ত দেশমুখ নামে এক রোগীর পাঁজরের হাড়ে চোট ছিল। তাঁকে পরীক্ষা করে ব্যান্ডেজ কী ভাবে করা হবে এবং ওষুধ কীভাবে খেতে হবে, তা বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছিলেন ডা. জয়সওয়াল।

    চিকিৎসকের দাবি, রোগীর ছেলে বারবার একই প্রশ্ন করছিলেন এবং তাঁকে অত্যন্ত ঘনিষ্ঠ ও অসম্মানজনক ভঙ্গিতে সম্বোধন করছিলেন। এর প্রতিবাদ করে চিকিৎসক জানতে চান, কেন তাঁকে এ ভাবে সম্বোধন করা হচ্ছে। এর পরেই নাকি ওই ব্যক্তি বলেন, ‘নিজেকে কী মনে করেন? বড় কোনও ডাক্তার নাকি?’ এর পরে তিনি বাইরে চলে যান এবং চিকিৎসককে গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ। ডাঃ জয়সওয়াল প্রতিবাদ করলে ফের ভিতরে এসে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

    ঘটনার পরে থানেতে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় চিকিৎসকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ডাঃ জয়সওয়াল জানিয়েছেন, চিকিৎসকরা বহু বছর ধরে পড়াশোনা ও কঠোর পরিশ্রম করে ডাক্তারি পাশ করে মানুষের জীবন বাঁচানোর কাজ করেন। তার বদলে কর্মক্ষেত্রে তাঁদের আক্রান্ত হতে হচ্ছে—এটি অত্যন্ত উদ্বেগজনক।

    মহারাষ্ট্রে চিকিৎসকের উপর হামলার ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েক সপ্তাহ আগেই কল্যাণ-ডোম্বিভলির এক শিবসেনা কর্পোরেটরের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পরে তাঁর সমর্থকদের হাসপাতালের অন্যান্য কর্মী ও নার্সদের উপর হামলার অভিযোগও সামনে আসে।

    পর পর এমন ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা চালুর দাবি উঠেছে। চিকিৎসক মহলের প্রশ্ন, রোগীদের চিকিৎসা করতে গিয়ে যদি তাঁদেরই হামলার শিকার হতে হয়, তা হলে হাসপাতালের কর্মপরিবেশ কতটা নিরাপদ? ডাঃ জয়সওয়াল জানিয়েছেন, ঘটনার পরে তিনি এখনও মানসিকভাবে আতঙ্কিত। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)