ফের অশান্ত মণিপুর।
নতুন করে হিংসা ছড়াল মণিপুরে। সোমবার সেনাপতি জেলায় অন্তত দু'টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরই পাশাপাশি গুলিও চলে। ওই গুলিতে আহত হয়েছেন CRPF-এর এক জওয়ান। মণিপুরের সেনাপতি জেলার তাফাউ এলাকায় এই হিংসার ঘটনায় নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই হামলার প্রতিবাদে এ দিন ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়।
এক নজরে
মণিপুরে হিংসা
২০২৩ সালের মে মাস থেকে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত মণিপুর। এই জাতি বিদ্বেষ এবং হামলার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৬০ জনের। শান্তি ফেরাতে একাধিক পদক্ষেপ করা হলেও চার বছর পরেও সেখানে হিংসা কমেনি। দিন কয়েক আগেই উত্তপ্ত হয় মণিপুরের কাংপোকপি জেলা। নাগা অধ্যুষিত কাংপকপিয়া জেলার টোকপা লিয়াংমাই গ্রামে হামলা চালায় একদল দুষ্কৃতী। একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ছাড়া গুলিও চলে সেখানে। মে মাসে কাংপোকপির নিউ কেইথেলমানবি এলাকার লইবোল গ্রামে হামলা চালিয়ে একাধিক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ওই হামলায় মৃত্যু হয় অন্তত চার জনের।
সেনাপতি এলাকায় ফের অগ্নিসংযোগ
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, সোমবার ভোররাতে হামলা চালানো হয় সেনাপতি জেলার তাফাউ (Taphou) এলাকায়। সূত্রে খবর, ওই হামলা কুকি সম্প্রদায়ের এক জনের বাড়িতে আগুন লাগানো হয়। অন্য বাড়িটি পৌমাই নাগা সম্প্রদায়ের (Poumai Naga community) এক জনের। যদিও কারা এই হামলা চালায় তা এখনও পরিষ্কার নয়। তবে এ দিনের হামলাকে কাংপোকপি (Kangpokpi)-র ঘটনার জের বলে মনে করছেন এলাকার পুলিশ আধিকারিকরা।
আহত সিআরপিএফ জওয়ানও
এই ঘটনার পরেই ওই এলাকায় দু'টি সম্প্রদায়ের মধ্যে গুলির লড়াই হয়। তাতে প্রদীপ সিং নামে এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে জানিয়েছেন আধিকারিকরা। CRPFএর ৩৬ নম্বর ব্যাটালিয়নের ওই সাব-ইন্সপেক্টরের পায়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করানো হয় সেনাপতির হাসপাতালে।
এলাকায় পথ অবরোধ
এর পরেই ইম্ফল এবং ডিমাপুরের সংযোগকারী ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি করেছেন কুকি উপজাতির লোকজন। পদক্ষেপ করতে প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন তাঁরা। এই ঘটনার জেরে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উত্তেজনা যাতে আর না বাড়ে, তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
FAQ
কোথায় নতুন করে হিংসার ঘটনা ঘটেছে?
সোমবার নতুন করে হিংসার ঘটনা ঘটেছে মণিপুরের সেনাপতি জেলার তাফাউ এলাকায়।
কী হয়েছে সেখানে?
ওই এলাকায় অন্তত দু’টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
কাদের বাড়িতে আগুন লাগানো হয়?
কুকি এবং নাগা উপজাতির এক জন করে বাসিন্দার বাড়িতে ওই আগুন লাগানো হয়।
কেউ আহত হয়েছেন?
ওই এলাকায় গুলিও চলে। তাতে আহত হয়েছেন সিআরপিএফের এক জওয়ান। তাঁর পায়ে গুলি লেগেছে।
হামলার পরে কী করেন বাসিন্দারা?
এই হামলার পরে ইম্ফল এবং ডিমাপুরের সংযোগকারী জাতীয় সড়ক অবরোধ করেন বাসিন্দারা। আগুন জ্বালিয়ে এই অবরোধ করা হয়।
কী করছে পুলিশ?
এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেই কারণে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।