• রোগী ভর্তির পরে ৭২ ঘণ্টা ‘নো প্রাইভেট প্র্যাকটিস’, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি নির্দেশিকা
    এই সময় | ২৫ আগস্ট ২০২৬
  • সরকারি হাসপাতালের শিক্ষক–চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সেই আদেশনামায় বলা হয়েছে, ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিস ক্যাডারে কর্মরত শিক্ষক-চিকিৎসকরা কোনও রোগীকে হাসপাতালে ভর্তির দিন এবং তার পরবর্তী ৪৮ ঘণ্টা, অর্থাৎ মোট তিন দিন কোনও ধরনের প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না।

    ২০০৬–এর ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিস রুলসের ২(১)-এর তৃতীয় শর্তানুযায়ী এই নির্দেশটি অবিলম্বে কার্যকর হচ্ছে বলেও জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। স্বাভাবিক ভাবেই এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে মেডিক্যাল কলেজের ফ্যাকাল্টিদের প্রাইভেট প্র্যাকটিসে।

    সরকারি হাসপাতালের চিকিৎসকদের সপ্তাহে সাধারণত নির্দিষ্ট একটি দিন ‘অ্যাডমিশন ডে’ হিসেবে থাকে। ফলে ওই দিন তো বটেই, তার পরের দু’ দিনও প্রাইভেট প্র্যাকটিসের উপর বিধিনিষেধ থাকায় কার্যত সপ্তাহে চার দিনই প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থাকছে তাঁদের। আর কিছু সীমিত ক্ষেত্রে যে সব ফ্যাকাল্টির ‘অ্যাডমিশন ডে’ সপ্তাহে দু’ দিন, তাঁদের ক্ষেত্রে তো প্রায় গোটা সপ্তাহটাই ‘অফ’ হয়ে যাবে প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে।

    চিকিৎসকদের একাংশের বক্তব্য, বহু রোগী সরকারি চিকিৎসকের কাছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। আচমকা ৭২ ঘণ্টার বিধিনিষেধ কার্যকর হলে সেই রোগীদের চিকিৎসার ধারাবাহিকতাও ব্যাহত হতে পারে। যদিও রোগী পক্ষের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছে। তাঁদের বক্তব্য, সরকারি হাসপাতালে রোগী ভর্তি হওয়ার পরে সংশ্লিষ্ট চিকিৎসকের নজরদারি নিশ্চিত হলে পরিষেবার মান বাড়বে নিশ্চিত।

  • Link to this news (এই সময়)