• মোদী রাখি এবং পদ্ম রাখির চাহিদা তুঙ্গে, উৎসবের আগেই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে
    দৈনিক স্টেটসম্যান | ২৫ আগস্ট ২০২৬
  • সামনেই রাখিবন্ধন উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে রানাঘাটের কারিগর এবং ব্যবসায়ীদের ব্যস্ততা এখন তুঙ্গে। কারণ এই বছর বাজারে সবচেয়ে বড় চমক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং বিজেপি দলের প্রতীক পদ্মফুল আঁকা রাখি। এই রাখির চাহিদা এখন তুঙ্গে। শুধু জেলাতেই নয়, শহর কলকাতাতেও মোদীর রাখির চাহিদা বেড়েছে। অনেকেই তা কিনতে চাইছেন। কিন্তু সবাইকে তা দেওয়া যাচ্ছে না। কারণ মোদী এবং পদ্ম প্রতীকের রাখি উৎপাদন ব্যাপক হারে করে তা বাজারে সরবরাহ করা সম্ভব হয়নি। যেটুকু এসেছে তা ঝড়ের গতিতে বিক্রি হয়ে গিয়েছে।  স্থানীয় বাজার থেকে শুরু করে ভিনরাজ্যেও এখন এই রাখির আকাশ ছোঁয়া চাহিদা তৈরি হয়েছে।

    স্থানীয় নানা এলাকায় এই রাখির কদর তুঙ্গে উঠেছে। রানাঘাটের শরৎপল্লীর বাসিন্দা পিউ ঘোষ জানান, ৩০ বছর ধরে গোটা পরিবার রাখির ব্যবসার সঙ্গে যুক্ত। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে পুরোপুরি এই কাজে হাত লাগিয়েছি। প্রত্যেক বছরই নতুন কিছু নকশার চাহিদা থাকে। আর এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পদ্মফুলের রাখির চাহিদা বেড়েছে। এমন রাখি ক্রেতাদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। বেশিরভাগ ক্রেতাই ওই দুই ধরনের রাখিই চাইছেন। শরৎপল্লীতে তৈরি মোদী-পদ্মফুলের রাখি শুধু স্থানীয় বাজারেই আটকে নেই। অন্যান্য জেলার পাশাপাশি শহর কলকাতার দোকান-বাজারে মোদী রাখির চাহিদা ব্যাপক। এবার যা পরিস্থিতি তাতে রাজ্য ছাড়িয়ে মোদী-পদ্মফুলের রাখি গিয়েছে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরুর মতো হাইটেক শহরগুলিতে।

    পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার। বদলের রাজ্যে রাখি উৎসব বড় করে পালন করা হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই শহর থেকে জেলায় এখন থেকেই রাখি কেনার হিড়িক পড়ে গিয়েছে। সারা বছর রাখির তেমন কাজ হয় না। কিন্তু প্রত্যেক বছর মে থেকে আগস্ট মাস পর্যন্ত রাখি এলাকার ঘরে ঘরে বানানোর ব্যস্ততা বেড়ে যায়। এই চারটি মাস দিন-রাত এক করে কাজ করেন রানাঘাটের গৃহবধূরা। সংসারের নিত্যদিনের কাজ সেরে রাখি তৈরির কাজ করতে থাকেন। কারণ এটাও এখানের একটা রুজি-রোজগার। ঘরের ভিতরেই তৈরি হচ্ছে হাজার, হাজার রাখি।

    রাখি উৎসবের এই মরশুমে রাখি বানিয়ে বাড়তি অর্থ রোজগার করে থাকেন এই গৃহিনীরা। এখন তাঁরা নরেন্দ্র মোদী রাখি তৈরি করতে ব্যস্ত। তার সঙ্গে যোগ হয়েছে পদ্মফুল রাখি। এগুলি এখন ভিন রাজ্যে পাড়ি দেবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই রাখির চাহিদা তুঙ্গে উঠেছে। রাখির দিন যতই এগিয়ে আসবে ততই বিক্রি আরও কয়েকগুণ বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। রানাঘাটে এখন জোরকদমে তৈরি মোদী ও পদ্মফুল রাখি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)