• হোটেল ‘শিখা ইন’-এ অব্যবস্থায় দায় কার? দেখা হবে তদন্তে
    এই সময় | ২৫ আগস্ট ২০২৬
  • এই সময়: মির্জ়া গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে প্রাথমিক ভাবে বিপুল গাফিলতি ধরা পড়ছে তদন্তকারীদের চোখে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ ও পুলিশের। ঘুপচি ঘরে শর্ট সার্কিটের জেরে বিপত্তি বলে প্রাথমিক তদন্তে ফরেন্সিকের দাবি। সম্ভবত শর্ট সার্কিটেই ফ্রিজের কম্প্রেসার ফেটে যায়। হোটেলের এই অব্যবস্থার দায় কার, দমকল বা পুরসভা হোটেলগুলিতে নজরে দেয়নি কেন, সবই এ বার খতিয়ে দেখবে পুলিশ।

    ‘শিখা ইন’ হোটেলে আগুন এবং তাতে ন’জনের মৃত্যুতে ইতিমধ্যে মালিক বীরেশ্বর মিত্র ও লিজ় হোল্ডার আবু জাফরকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। দশ জনেরও বেশি কর্মীকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান রের্কড করেছেন তদন্তকারীরা। কলকাতা ও দিঘা মিলিয়ে কার মদতে বীরেশ্বর আইন ফাঁকি দিয়েই চারটি হোটেল চালিয়েছেন, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।

    মৃতদের মধ্যে বাংলাদেশি সাংবাদিক দেবাশিস দত্তের আত্মীয় স্নেহাশিস চন্দ্র মিঠু প্রশ্ন তুলেছেন — এ পারের হোটেলে গাফিলতি, অব্যবস্থার জন্য দেবাশিস, তাঁর স্ত্রী ও পুত্রের মৃত্যু হয়েছে। এখন বাংলাদেশে ওই দম্পতির সাত বছরের মেয়ে, বয়স্ক মা–বাবাকে কে দেখবেন? সোমবার মিঠু জানান, প্রয়াত সাংবাদিকের সহকর্মী, কুষ্টিয়া প্রেস ক্লাবের তরফে তাঁর বৃদ্ধ মা–বাবার হয়ে সাহায্যের আর্জি জানানো হবে। অসুস্থ ওই প্রবীণ দম্পতির পক্ষে ৩৭ বছরের ছেলে, বৌমা, নাতিকে হারানোর শোক বহন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।

    ‘শিখা ইন’–এর অব্যবস্থা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিলেন সরকারি কৌঁসুলিও। কোর্টে তিনি দাবি করেন, ফায়ার লাইসেন্স ছাড়াই, ঘুপচি ঘরে এসি থেকে রেফ্রিজারেটর, সবই ছিল।

  • Link to this news (এই সময়)