ভিক্ষুকের মৃত্যুর পর ঘর থেকে উদ্ধার বস্তাবন্দি নগদ ৮ লক্ষ
বর্তমান | ২৫ আগস্ট ২০২৬
বেঙ্গালুরু: থরে থরে সাজানো বস্তা। সবকটাই ভরতি। ভিতর থেকে উঁকি মারছে তাড়া তাড়া নোট। দশ, কুড়ি, পঞ্চাশ সবই রয়েছে। কয়েকটা বস্তায় স্রেফ কয়েন। রবিবার কর্ণাটকের মাণ্ড্য এলাকায় এক ভিক্ষুকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এমনই টাকার বস্তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম হুর। সারাজীবন ভিক্ষা করেই কাটিয়েছেন। ভাড়া বাড়িতে বোনের সঙ্গে থাকতেন। দুজনেই বিয়ে করেননি। দু'বছর আগে বোন মারা যাওয়ায় একাই থাকতেন হুর। রবিবার বয়সজনিত অসুস্থতায় তাঁর মৃত্যু হয়। এরপরই তাঁর বাড়িতে হাজির হন স্থানীয়রা। ঢুকেই চক্ষু চড়কগাছ হয় সকলের। মোট ৩০টি টাকা ভরতি বস্তা উদ্ধার হয়েছে। তাতে মোট ৮ লক্ষ ৪০ হাজার টাকা ছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই টাকা হুরের দুই ভাইকে ভাগ করে দেওয়া হয়েছে। একজন ৬ লক্ষ, অন্যজন বাকি ২ লক্ষ ৪০ হাজার টাকা পেলেও তা মসজিদে দান করেছেন বলে খবর।