• রাজ্য সরকারের সমালোচনা করলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা! হুঁশিয়ারি বিজেপি নেতার
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: সরকারের গুণগান গাইতে হবে। একটু সমালোচনা করলেই ‘রাজরোষ’! মিলবে না অন্নপূর্ণা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা! এমনই হুঁশিয়ারি দিয়ে বিতর্কে মালদহ জেলা পরিষদের বিজেপি সদস্য তারাশংকর রায়। তাঁর দাবি, রাজ্য সরকারের সুবিধা নিয়ে পাড়ার চা বা মিষ্টির দোকানে বসে বিজেপির বদনাম কোনোভাবেই মানা হবে না। বিভিন্ন প্রকল্পে নাম তোলা যেমন সম্ভব,নাম কাটাও রয়েছে বিজেপি নেতাদের হাতে।

    সম্প্রতি অন্নপূর্ণা ও আবাস যোজনার সুবিধা নিয়ে বুলবুলচণ্ডির কলাইবাড়ি মোড়ে একটি পথসভার আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেখানেই বক্তব্য দিতে গিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির এই নেতা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) হতেই শোরগোল পড়ে গিয়েছে। 

    সভায় তারাশংকর বলেন, যাঁরা যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, তাঁরাও সরকারের বদনাম করছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে লিস্টে নাম উঠেছে, তাঁরাও সরকারের বদনাম করছেন। আমি তাঁদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যাও বন্ধু, নাম ওঠানোর ক্ষমতা যদি আমরা রাখতে পারি, নাম কাটার ক্ষমতাও আমরা রাখি। 

    এখানেই থামেননি এই বিজেপি নেতা। তাঁর সংযোজন, সরকারের সুযোগ সুবিধা নেব, আর চা ও মিষ্টির দোকানে গিয়ে বদনাম করব। সেই সমস্ত নাম যদি আমার কানে আসে তাহলে আমি স্থানীয় জেলা পরিষদ সদস্য হিসেবে বলে যাচ্ছি, তাঁরা আগামীতে কীভাবে প্রধানমন্ত্রী আবাসের ঘর পায় বা পরের মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পায় তার ব্যবস্থা আমি করব। বিজেপি নেতার কড়া হুঁশিয়ারি, সরকারের সুযোগ-সুবিধা নিলে সরকারের গুণগান করতে হবে। সরকারি সুযোগ নেব আর সরকারের দুর্নাম করব- তা চলবে না। যদিও বিতর্ক শুরু হতেই আত্মপক্ষ সমর্থনে তারাশংকরের সাফাই, তৃণমূলের ছত্রছায়ায় থাকা একাধিক মানুষ সরকারি সুবিধে নিয়ে এখনও রাজ্য সরকারের বিপক্ষে গুজব রটাচ্ছেন। আমি তাদের সতর্ক করতেই এমনটা বলেছিলাম। বিজেপি নেতার এই বক্তব্যে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, জনপ্রতিনিধিদের ভাবনাচিন্তা করে কথা বলা উচিত। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকা দরকার।
  • Link to this news (বর্তমান)