• প্রেমিকাকে খুন, যাবজ্জীবন যুবকের
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পরকীয়া সম্পর্কের টানাপড়েনে প্রেমিকাকে খুন করেছিল প্রেমিক। সেই মামলাতে ওই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল চুঁচুড়া আদালত। ৩ বছর আগের ওই মামলার সাজা ঘোষণা করেছেন চুঁচুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (প্রথম কোর্ট) রিন্টু সুর। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অভিযুক্ত শেখ মহিবুল ইসলামকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মৃতা মহিলার ১৩ বছরের সন্তান মামলার অন্যতম প্রধান সাক্ষী ছিল। মামলার সরকারি আ‌ইনজীবী শিবাজি দাস বলেন, মহিবুল জেলেই ছিল। বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। টাকা অনাদায়ে আরও ছ’মাস কারাদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। সরকারি আ‌ইনজীবী সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ২২ এপ্রিল রাতে খুন হয়েছিলেন মহিলা। পাণ্ডুয়ার রামেশ্বরপুর গ্রামে তিনি তাঁর ১৩ বছরের ছেলেকে নিয়ে থাকতেন। তাঁর সঙ্গে দাদপুরের মহিবুলের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিল মহিবুল। তখনই দু’জনের মধ্যে বিবাদ শুরু হয়। ছেলের সামনেই মাকে ইট দিয়ে লাগাতার আঘাত করে খুন করে মহিবুল। ঘটনার পরপরই সে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।
  • Link to this news (বর্তমান)