• ‘নজরে আছো, শিয়রে বিপদ’, কাশ্মীরি পণ্ডিতদের হুমকি–চিঠি
    এই সময় | ২৫ আগস্ট ২০২৬
  • শ্রীনগর: কাশ্মীরি পণ্ডিতদের টার্গেট করে ফের হুমকি চিঠি! এ বার একেবারে নাম–ঠিকানা–ফোন নম্বর উল্লেখ করে! লস্কর–ই–তৈবা জঙ্গিগোষ্ঠীর ছায়া সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন কাউন্সিল’–এর নামে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে ‘হিট লিস্ট’ প্রকাশিত হয়েছে, তা ভয় ধরিয়েছে পুরো ভূস্বর্গে। প্রধানমন্ত্রী পুনর্বাসন প্যাকেজ (পিএমআরপি)–এর অধীনে চাকরি এবং বাসস্থান নিশ্চিত করে যে সব কাশ্মীরি পণ্ডিতের পরিবার ভূস্বর্গে ফিরে এসেছিলেন, তাঁদের টার্গেট করেই এই চিঠি। সেখানে কাশ্মীরি পণ্ডিতদের ‘হাতের পুতুল’, ‘বিশ্বাসঘাতক’, ‘হোয়াইট–কলার টেররিস্ট’ বলে উল্লেখ করা হয়েছে, যাঁরা নাকি দিল্লির রাজনৈতিক স্বার্থে কাজ করছেন। তাঁরা জম্মু–কাশ্মীরে আরএসএসের মতাদর্শ ছড়াতে চাইছেন বলেও অভিযোগ। এই কাশ্মীরি পড়ুয়াদের নাম, ঠিকানা, ফোন নম্বর, এমনকী গাড়ির নম্বর উল্লেখ করেও জঙ্গি সংগঠনের হুমকি, ‘আমরা কিন্তু আপনাদের প্রতিটা পদক্ষেপে নজর রাখছি। বিপদ যে কোনও সময়ে আসতে পারে।’

    এক মাসে এই িনয়ে দ্বিতীয়বার হুমকি চিঠি এল। আগের বার যখন হুমকি চিঠি ছড়িয়েছিল, সংখ্যালঘু সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছিল, ভূস্বর্গের ট্রানজ়িট ক্যাম্পে বাড়ানো হয়েছিল নিরাপত্তা। কিন্তু এ বার সংখ্যালঘুদের ব্যক্তিগত তথ্যের উল্লেখ থাকায় বাড়ছে চিন্তা।

    জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘এটা উদ্বেগের বিষয়। পুলিশ ও গোয়েন্দা বিভাগকে অনুরোধ করব, এই হুমকিকে হালকা ভাবে নেবেন না। এর মূলে কে? খুঁজে বের করুন। কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা দেওয়া আপনাদের কর্তব্য।’ একজন কাশ্মীরি পণ্ডিত সরকারি কর্মীর অবশ্য বক্তব্য, ‘এ বার আর আমরা ভয়ে পালাব না। কাশ্মীর আমাদেরও জন্মভূমি, কোনও হুমকির সামনে মাথা নোয়াব না।’

  • Link to this news (এই সময়)