এই সময়, আলিপুরদুয়ার: রাজ্যের সমস্ত সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের জন্যে ফিরছে প্রবেশমূল্য। বিষয়টি এখন শুধু মুখ্যমন্ত্রীর সিলমোহরের অপেক্ষায় রয়েছে। সোমবার ওই সরকারি সিদ্ধান্তের কথা জানান বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। তবে আগের থেকে কিছু কিছু ক্ষেত্রে প্রবেশমূল্য খানিকটা কমানো হবে বলে জানান তিনি।
গত বছরের জানুয়ারিতে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে জঙ্গলে ঢুকতে প্রবেশমূল্য তুলে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে এতদিন পর্যন্ত ওই নিয়ম বলবৎ ছিল। অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্তের ফলে বনদপ্তরের ভাঁড়ার প্রায় তলানিতে ঠেকেছে। গত প্রায় দেড় বছরে কমপক্ষে কয়েক কোটি টাকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হয় বন দপ্তর। যার জেরে রাজ্যের প্রতিটি বনবিভাগের ঘাড়ে চেপেছে বাড়তি ঋণের বোঝা।
রাজ্যের এক প্রাক্তন শীর্ষ বনকর্তা বলেন, ‘পর্যটকদের প্রবেশমূল্য তুলে দিয়ে সস্তার জনপ্রিয়তা মিললেও, ওই সিদ্ধান্ত ছিল বিগত রাজ্য সরকারের ঐতিহাসিক ভুল। যার ফলে গোটা দপ্তরটাই ছন্নছাড়া হয়ে গিয়েছে।’ আরও এক প্রাক্তন বনকর্তা বলেন, ‘পৃথিবীর কোথাও বিনামূল্যে জঙ্গলে প্রবেশ করা যায় বলে শুনেছেন? সাধারণ দান খয়রাতির জায়গা আর যাই হোক বনকে সব সময় তার বাইরে রাখতেই হবে।' বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও বলেন, ‘রাজস্বের ক্ষতি তো হয়েছেই। সঙ্গে সংরক্ষিত বনাঞ্চলগুলিকে অবারিত করে দিয়ে পুরো ব্যবস্থাটার বারোটা বাজিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো সব ভেসে যেতে দিতে পারি না। তাই সামন্য দেরিতে হলেও ফের প্রবেশমূল্য ফিরিয়ে আনা হচ্ছে।