• তিন মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক, তবে তদন্তে সহযোগিতা করতে হবে, বলল হাইকোর্ট
    এই সময় | ২৫ আগস্ট ২০২৬
  • তিন মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া তিন মামলায় সাংসদকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, রক্ষাকবচের মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ, ওই সময় পর্যন্ত অভিষেককে গ্রেপ্তার করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর।

    অভিষেককে বিদেশযাত্রায় অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এই মামলা কোনও ভাবে তাঁর বিদেশযাত্রায় বাধা হয়ে উঠবে কি না, তা জানতে চেয়েছিলেন সাংসদের আইনজীবী শঙ্কর নারায়ণ। তিনি আদালতে জানান, তাঁর মক্কেল এখনও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাননি। সেই কারণে এখনও বিদেশ যেতে পারেননি।

    তার প্রেক্ষিতে বিচারপতি জানান, সুপ্রিম কোর্টের রায়ের শর্ত মানা হলে এই মামলার প্রভাব অভিষেকের বিদেশযাত্রায় পড়বে না। তবে সাংসদকে তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতেও পারবেন। তার জন্য ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে।

    প্রসঙ্গত, বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করেছিলেন অভিষেক, তা খারিজ হয়ে যায়। তার পরেই ৭ অগস্ট গভীর রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। তাতে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ ছিল, শুধুমাত্র অভিষেকের বিরুদ্ধে মামলা রয়েছে বলেই তাঁকে বিদেশে চিকিৎসা পরিষেবা নিতে বাধা দেওয়া যায় না। একজন ব্যক্তির বিদেশে যাওয়ার এবং নিজের পছন্দমতো চিকিৎসা করানোর অধিকার রয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তাঁর বিদেশ যাত্রায় বাধা দেওয়া যাবে না।

  • Link to this news (এই সময়)