• হেলমেট না থাকলে মিলবে না মদ, অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের
    এই সময় | ২৫ আগস্ট ২০২৬
  • বাইক ও স্কুটি আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করতে অভিনব উদ্যোগ। এ বার থেকে হেলমেট না থাকলে মদের দোকান থেকে মিলবে না মদ। দুর্ঘটনা রুখতে ও সুরক্ষাবিধি মানাতে এমনই নির্দেশিকা জারি করেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। পেট্রল পাম্পে ‘নো হেলমেট নো পেট্রল’ নিয়মের মতো এ বার মদের দোকানেও ‘নো হেলমেট নো বিজ়নেস’ নিয়ম চালু হলো।

    জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এলাকার প্রতিটি মদের দোকানে নির্দেশিকার কথা জানিয়ে দেওয়া হয়েছে। দোকানের সামনে আটকে দেওয়া হয়েছে সচেতনতামূলক স্টিকারও। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আরোহীদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে। নির্দেশ সঠিক ভাবে মানা হচ্ছে কি না, তা দেখতে নিয়মিত নজরদারি চালাবে পুলিশ।

    পুলিশের তরফে আরও জানানো হয়েছে, দোকান থেকে মদ কিনে হেলমেট ছাড়া বাইকে চড়লে আরোহীকে প্রথমে আটক করে সতর্ক করা হবে। তার পরে ফের একই ভুল করলে কড়া জরিমানা পর্যন্ত করা হতে পারে।

    প্রশাসনের এই ভূমিকাকে স্বাগত জানিয়েছেন মদের দোকানের কর্মীরাও। দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলের মদের দোকানের ম্যানেজার কার্তিক শ্যাম বলেন ‘দুর্ঘটনা রুখতে প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়।’ আর এক মদের দোকানের ম্যানেজার সুব্রত অধিকারী বলেন, ‘বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে একাধিক হেলমেটহীন বাইক আরোহী দোকান থেকে অনেকটা দূরে বাইক রেখে হেঁটে মদ কিনতে আসছে। এ বিষয়টিও খতিয়ে দেখা উচিত।’

    ১. পশ্চিম বর্ধমানে নতুন কী নিয়ম চালু হয়েছে?

    উত্তর: হেলমেট ছাড়া বাইক বা স্কুটি নিয়ে মদের দোকানে গেলে মদ বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মটির নাম দেওয়া হয়েছে ‘নো হেলমেট, নো বিজ়নেস’।

    ২. কেন এই নিয়ম চালু করা হয়েছে?

    উত্তর: বাইক ও স্কুটি আরোহীদের হেলমেট পরতে উৎসাহিত করা এবং পথ দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আঘাত কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    ৩. হেলমেট না থাকলে মদের দোকান থেকে কী মদ পাওয়া যাবে না?

    উত্তর: হ্যাঁ। নির্দেশিকা অনুযায়ী হেলমেট ছাড়া বাইক বা স্কুটি নিয়ে আসা আরোহীর কাছে মদ বিক্রি না করার কথা বলা হয়েছে।

    ৪. নিয়মটি কে জারি করেছে?

    উত্তর: পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এই নির্দেশিকা জারি করেছে। জেলা পুলিশের তরফে ইতিমধ্যেই মদের দোকানগুলিকে বিষয়টি জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)