অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই, ৩ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
আজ তক | ২৫ আগস্ট ২০২৬
কলকাতা হাইকোর্টে তিন মামলায় স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখনও পর্যন্ত ডায়মন্ডহারবারের সাংসদের বিরুদ্ধে ১৬ টি FIR দায়ের হয়েছে। তার মধ্যে ৩ মামলায় তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কঠোর পদক্ষেপ এখন করতে পারবে না। নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের।
তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক FIR বাতিল এবং পুলিশি পদক্ষেপ থেকে সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনওরকম কঠোর বা জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। তবে বিচারপতি শর্তও দিয়েছেন।
জানিয়েছেন,রক্ষা কবচ পেলেও তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। তদন্তের প্রয়োজনে পুলিশ তাঁকে ডাকলে হাজিরাও দিতে হবে। তবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার ক্ষেত্রে কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে।
আদালত এও জানিয়েছে, অভিষেকের বিরুদ্ধে ১৬টি FIR-এর তথ্য সামন এসেছে। সেগুলির মধ্যে তিনটি নির্দিষ্ট FIR নিয়েই এই মামলার শুনানি সীমাবদ্ধ। বিচারপতির নির্দেশ, এই তিন মামলায় অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।
এদিকে মঙ্গলবারের শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে একের পর এক FIR দায়ের হলেও সেগুলির বিষয়ে তিনি অবগত ছিলেন না। FIR এবং অভিযোগের কপি তাঁকে দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদনও জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ, অভিষেককে সমস্ত FIR এবং অভিযোগের কপি দিতে হবে। আগামী ২৩ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে। তার আগে পুলিশকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে রাজ্যের সর্বোচ্চ আদালত। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছিলেন অভিষেক। কলকাতা হাইকোর্ট স্পষ্ট করেছে, নির্দেশ সুপ্রিম কোর্টের সেই নির্দেশ অনুযায়ী, অভিষেক বিদেশে যেতে পারবেন। তবে নির্ধারিত শর্তগুলি তাঁকে মেনে চলতে হবে।