বাতিল হবে কি সাংসদ পদ? কাকলি-সুদীপদের নোটিস সুপ্রিম কোর্টের, উৎফুল্ল কালীঘাট তৃণমূল
বর্তমান | ২৫ আগস্ট ২০২৬
নয়াদিল্লি, ২৫ আগস্ট: তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়ে পরে নাম লিখেয়েছেন এনসিপিআই নামে অন্য দলে। কাকলি ঘোষদস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ ২০ সাংসদকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। তাঁদের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে আদলতের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। দলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলা করেছেন। তারই শুনানিতে মঙ্গলবার বিদ্রোহীদের নোটিস পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। আদালতের এই পদক্ষেপকে ‘গণতন্ত্রের জয়’ বলে মন্তব্য করেছেন মামলাকারী পক্ষের আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামীদিনে ঋতব্রত শিবিরে যোগ দেওয়া বিধায়কদের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উল্লেখিত কুড়িজনের সদস্য পদ খারিজের জন্য গত ১৯ জুন ওম বিড়লার কাছে আবেদন জানান অভিষেক। পরবর্তীকালে গত ২৭ জুলাই ফের বিষয়টি মনে করিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে চিঠি দেন। কিন্তু তাও কিছু হয়নি। দু’মাস কেটে গেলেও স্পিকার কোনো জবাব না দেওয়ায় বিষয়টির নিষ্পত্তি চেয়ে লোকসভার স্পিকারের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন অভিষেক।
সেই আবেদনের ভিত্তিতেই আজ প্রথমদিনের শুনানি ছিল প্রধান বিচারপতির বেঞ্চে। ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস পাঠানোর পাশাপাশি লোকসভার স্পিকার ও সেক্রেটারি জেনারেলের বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত।