লাঠি-জলকামানেও রোখা গেল না ছাত্র-যুবদের, মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায় ধুন্ধুমার কাণ্ড
বর্তমান | ২৫ আগস্ট ২০২৬
পাটনা, ২৮ আগস্ট: ফের রণক্ষেত্র পাটনা। বিতর্কিত বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন শত শত ছাত্র-যুব চাকরিপ্রার্থী। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের মিছিল মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। তাঁদের ছত্রভঙ্গ করতে বেপরোয়া শক্তি প্রয়োগের অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। এলোপাথাড়ি লাঠিচার্জের পাশাপাশি ব্যবহার করা হয় জলকামান।
আন্দোলনকারীদের দাবি কী? অনিয়মের অভিযোগ ওঠায় ৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিল। এছাড়া একের পর এক প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় দুর্নীতি এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ইস্যু একত্রিত হয়ে ক্ষোভ আছড়ে পড়েছে রাজপথে।
আন্দোলনকারীদের রুখতে আয়োজনে কোনো খামতি রাখেনি পুলিশ-প্রশাসন। সকাল ১০টায় ঐতিহাসিক গান্ধী ময়দান থেকে শুরু হয় মিছিল। যাত্রাপথে একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যারিকেড বসানো হয়েছিল। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও জলকামান।
এত কিছুর পরেও আন্দোলনকারীদের রোখা যায়নি। মুখ্যমন্ত্রীর বাসভবনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।