স্কুল যাওয়ার পথে মালগাড়ির ধাক্কা, প্রাণ গেল নবম শ্রেণির পড়ুয়ার
বর্তমান | ২৫ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কোলাঘাট থানার ভোগপুরে রেললাইন ধরে স্কুলে যাওয়ার পথে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রীর। মৃত ছাত্রীর নাম সোমা জানা (১৪)। তার বাড়ি ভোগপুর সংলগ্ন বাঙালপুর এলাকায়। মঙ্গলবার সকালে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের টানা বৃষ্টির জেরে রেল লাইনের ধার বরাবর রাস্তা বৃষ্টির জলে কাদামাখা হয়ে যাওয়ায় সোমা ও আরও এক ছাত্রী রেললাইন ধরেই স্কুলের দিকে যাচ্ছিল। সেই সময় একটি মালগাড়ির ধাক্কায় সোমা গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। সঙ্গে থাকা অপর ছাত্রীরও সামান্য চোট লাগে। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর চোট না লাগায় তাঁর পরিস্থিতি এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলে শোকের আবহ তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্কুল সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে এই স্কুলের নবম শ্রেণির আরও দুই ছাত্র ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিল। স্কুলে যাওয়ার পথে তাদের হেডফোন হারিয়ে যায়। রেললাইন ধরে সেই হেডফোন খুঁজতে গিয়ে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছিল। পরপর এমন ঘটনায় রেললাইন ধরে ছাত্রছাত্রীদের যাতায়াত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।