• সবজির খেত জলের তলায়, বাজার অগ্নিমূল্য
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, বসিরহাট: অগ্নিমূল্য সবজি বাজার। চলতি সপ্তাহে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাসনাবাদ, বাদুড়িয়া ইত্যাদি এলাকার অধিকাংশ জমি জলের তলায়। বৃষ্টিতে ভালো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। কৃষিজমিতে থাকা পটল, বেগুন, পুঁইশাক, ওল, কচুমুখী, ভেন্ডি, উচ্ছে চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে দাম বেড়েছে সবজির। বাদুড়িয়া বাজারে সাধারণত ২০ থেকে ২২ টাকা কেজিতে বিক্রি হয় পেঁপে। সেই পেঁপেই এদিন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। ১ কেজি টম্যাটোর দাম এখন কেজি প্রতি ৬০ টাকা। অন্য সময়ে এই দামই থাকে ৪০ টাকা প্রতি কেজি। সাধারণ কচুমুখী বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি কেজি দরে। সাধারণত পুঁইশাক ১০ টাকা প্রতি আঁটি বিক্রি হতো। বর্ষার জেরে তার দামও দ্বিগুণ। দাম বেড়েছে বেগুনেরও। ৪০ টাকা কেজি প্রতি বিক্রি হওয়া বেগুন এখন ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ পটল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে।

    এদিকে, খুচরো বাজারে সবজির দাম এমন বৃদ্ধি পেলেও তার সুবিধা নিতে পারছেন না কৃষকরা। বর্ষায় বহু সবজি নষ্ট হয়ে যাওয়ায় উল্টে লোকসানের মুখে তাঁরা। অধীর সরকার নামে এক কৃষক বলেন, জমিতে বর্ষার জল জমে যাওয়ার কারণে তড়িঘড়ি এই সবজি কম দামে বিক্রি করতে বাধ্য  হচ্ছেন। সেই সুযোগ নিচ্ছেন ফড়েরা। শিক্ষক বিক্রম সানা বলেন, ফসলের বাজারদর ক্রেতা ও বিক্রেতার স্বার্থেই নিয়ন্ত্রণ করা দরকার। না হলে যেসব মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বাজার থেকে নিয়মিত সবজি কেনেন, তারা যেমন অর্থনৈতিকভাব ক্ষতিগ্রস্ত ও ক্ষেত্রবিশেষে প্রতারিত হচ্ছেন, ঠিক তেমনই যাঁরা ফসল ফলান, সেই কৃষকরা দাম না পেয়ে প্রতিনিয়ত ঋণগ্রস্ত হচ্ছেন। তাই বাজারদর নিয়ন্ত্রণ হওয়াটা খুব জরুরি। আরেক ক্রেতা সরিফুল মোল্লা বলেন, বাজারে সবজির দাম অতিরিক্ত হওয়ায় বিকল্প হিসাবে ডাল ও সয়াবিনকেই বেছে নিয়েছেন তিনি। তবে খুচরো সয়াবিনও কেজি প্রতি তিন টাকা হারে বৃদ্ধি পেয়েছে। খুচরো সবজি বিক্রেতা ছাটুম পালের সাফাই, আমরা পাইকারি বাজার থেকে সবজি কিনে দুই-এক টাকা লাভ রেখে তা খুচরোয় বিক্রি করি। কিন্তু বর্ষায় সবজি আমদানি কম, যার জন্য দাম বেড়েছে। প্রতিবছর বর্ষার কারণে সবজির দাম বাড়ে এবং বর্ষা চলে গেলে দাম আবার কমে যায়। এটাই ধারাবাহিকভাবে চলছে। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)