বারুইপুরে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ৪
বর্তমান | ২৫ আগস্ট ২০২৬
সংবাদদাতা বারুইপুর: বারুইপুরে গতকাল এক বিজেপি কর্মী বাপি প্রামাণিকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করার ঘটনায় তদন্তে নেমে পুলিশের হাতে গ্রেপ্তার হল চারজন। লিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের প্রত্যেকেই বারুইপুর থানার অন্তর্গত ছায়ানি এলাকার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা হলেন সুজন মণ্ডল (৩২), কৃষ্ণ মণ্ডল (৩৯), কনক মণ্ডল (৩৮) এবং অনিল নাইয়া (৪৮)। জানা গিয়েছে, এদের মধ্যে সুজন মণ্ডল বিজেপি পঞ্চায়েত সদস্য। এর বিরুদ্ধেই মূল অভিযোগ ছিল মৃতের পরিবারের। তাঁর পরিকল্পনাতেই বাপিকে খুন করা হয়েছিল বলে জানিয়েছিল তাঁরা।
রবিবার রাতে বারুইপুর থানার হাড়দহ পঞ্চায়েতের উত্তর টাঙ্গারবেড়িয়া এলাকায় এক বিজেপি কর্মী বাপি প্রামাণিকে নৃশংস ভাবে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মোট ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশের দাবি, একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। কমিটির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে শুরু হয় বচসা, পরে তা গড়ায় মারামারিতে। ঘটনায় বাপি-সহ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে বাপির আঘাত ছিল গুরুতর। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই ৪জনকে গ্রেপ্তার করা হয়। পরিবারের দাবি ছিল, তৃণমূলের দুষ্কৃতীরাই বাপিকে পরিকল্পনা করে খুন করেছে।