• কলকাতায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, তালিকায় আরো ১০ জেলা
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৬
  • কলকাতা, ২৫ আগস্ট: আজ কলকাতায় আকাশের মতিগতি বোঝা ভার! সকালে ঘন মেঘের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে শহরে। দুপুরে চড়া রোদ। তবে বিকেলে শহরে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

    আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের আট জেলায় ইতিমধ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তালিকায় আছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান ও হুগলি। এবার তাতে যুক্ত হল কলকাতা। আগামী দু’-তিন ঘণ্টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় ঝেঁপে বৃষ্টি হতে পারে বলে সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে। সঙ্গে বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর থেকে সরে যাচ্ছে। আজ এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড-ওড়িশার উপর চলে আসবে বলে অনুমান আবহাওয়াবিদদের। ফলে এদিন দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কলকাতা, দুই ২৪ পরগনা সহ কয়েকটি জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হতে পারে বলে আগেই জানানো হয়েছিল।
  • Link to this news (বর্তমান)