• ‘বিজেপিকে ভরসা করি... মমতার চক্করে নেই’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ফুটপাতে দুধ গরম করা মহিলা
    এই সময় | ২৫ আগস্ট ২০২৬
  • পার্কস্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করার জন্য ধমক দিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনিই পরিবার নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে। মঙ্গলবার সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে ‘জনতার দরবার’-এ উপস্থিত হয়ে বাইরে দাঁড়িয়েছিেলন সীতাদেবী নামের ওই মহিলা। সীতাদেবীর সঙ্গে তাঁর মেয়ে ও দুই শিশুও ছিল। মুখ্যমন্ত্রী জনতার দরবার সেরে বেরোতেই তাঁর সঙ্গে কথা বলে ওই পরিবার। দুর্ভোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন, মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেওয়ার।

    ওই পরিবারের সঙ্গে কথা বলার পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘মুখ্যমন্ত্রী ও বিজেপির উপরেই ভরসা রয়েছে সীতাদেবীর।’ মুখ্যমন্ত্রীর কাছে মাথা গোঁজার ঠাঁই চেয়েছে ওই মহিলার। উত্তরে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কর্পোরেশনকে বলে দেব, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে...ফুটপাত মানুষের হাঁটার জন্য। ওখানে থাকবেন না।’

    সোমবার এই ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিনই পাল্টা কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন ওই পরিবারের সঙ্গে কথা বলার পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠাচ্ছেন, বলছেন টাকা নাও..বিজেপির বিরুদ্ধে বলো টাকা মিলবে।’ কিন্তু তাতে সাড়া না দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সীতাদেবী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘সীতাদেবী বলেছেন মুখ্যমন্ত্রীকে ভরসা করি, বিজেপিকে ভরসা করি... মমতার চক্করে নেই।’

    সীতাদেবীকে দুধ গরম করার জন্য ধমকেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে সমালোচনার ঝড় বয়ে যায়। সোমবার অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি ফুটপাত পথচারীদের জন্য পরিষ্কার রাখতেই ওই কাজ করেছিলেন। ফুটপাতে বিপজ্জনক ভাবে স্টোভ জ্বলছিল, অভিভাবক ছাড়াই বাচ্চা ঘুরছিল- সেই বিষয়টি নিয়েই তিনি সরব হয়েছিলেন বলে জানান। তবে এও বলেন, ‘আমি হয়তো চিৎকার করে বলেছি, সেটা হয়তো আরেকটু নরম করে, আরেকটু বুঝিয়ে বলা উচিত ছিল।’ মন্ত্রীর এই ভিডিয়ো নিয়ে আক্রমণ শানিয়েছিল বাম ও তৃণমূল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, উনি (সীতাদেবী) কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তাঁর সংযোজন, বামপন্থীরা ৩৪ বছরে এবং তৃণমূল ১৫ বছরে এদের খোঁজ নেয়নি।

  • Link to this news (এই সময়)