স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো নবম শ্রেণির এক ছাত্রীর। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরের ভোগপুরের ঘটনা। মৃত ছাত্রীর নাম সোমা জানা (১৪)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি ভোগপুরেই। সে স্থানীয় ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আর পাঁচটা দিনের মতোই রেল লাইনের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল শম্ভুনাথ জানার মেয়ে সোমা। ট্রেন লাইনের গা ঘেঁষে থাকা রাস্তা ধরে সাইকেল চালিয়ে যাচ্ছিল সে। সেই মুহূর্তে তাঁর পিছন দিক থেকে দ্রুতগতিতে একটি ট্রেন চলে আসে। অভিযোগ, চলন্ত ট্রেনের বাইরের দিকে বার হয়ে থাকা পাদানিতে ধাক্কা লাগে সোমার।
ধাক্কার তীব্রতায় সাইকেল থেকে ছিটকে পড়ে ওই ছাত্রী। মাথায় গভীর চোট পেয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও স্থানীয় থানা। তাঁরা ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই পুরো ভোগপুর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।