• ‘দয়া করে ফেরত নিন’, অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতেই BDO-র দরবারে বৃদ্ধ
    এই সময় | ২৫ আগস্ট ২০২৬
  • খবরটা প্রথমে তাঁর বৌমা এসে বলেন। শুনেই আকাশ থেকে পড়েন ৭০ বছরের সামজাদ শেখ। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকল কী ভাবে? তিনি পুরুষ। তার উপরে বিশেষ ভাবে সক্ষম। এর পরেই মঙ্গলবার বিডিও অফিসে গিয়ে টাকা ফিরিয়ে নেওয়ার আবেদন জানান সামজাদ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের খড়কাঠি গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    রাজ্যে পালাবদলের পরে অন্নপূর্ণা যোজনায় মহিলাদের মাসিক ৩০০০ টাকা করে দিতে শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু অনেকেই ‘যোগ্য’ হওয়া সত্ত্বেও প্রকল্পের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এই নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চরমে উঠেছে। এর মধ্যেই গত ১৭ অগস্ট সামজাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢোকে বলে অভিযোগ। সামজাদের কথায়, ‘পুত্রবধূ এসে প্রথম বলে আমি অবাক হয়ে যাই। প্রশাসনের কাছে পুরো টাকা ফেরত দিতে চাই।’

    সামজাদ অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনও করেননি বলে জানালেন তাঁর জামাই টুটুল শেখ। তাঁর কথায়, ‘শ্বশুরমশাই প্রতিবন্ধী ভাতা পান। শাশুড়ি মা ষাটোর্ধ্ব। তাঁরও অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার কথা নয়।’ তবে তাঁর শ্যালিকা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য। কিন্তু তাঁর সঙ্গে শ্বশুরমশাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন টুটুল। ফলে সামজাদের অ্যাকাউন্টে কী ভাবে টাকা ঢুকল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

    এর পরেই রঘুনাথগঞ্জের বিডিও অফিসে যান সামজাদ। সেখানে ট্রেজারি চালানের ফর্ম পূরণ করেছেন তিনি। টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে টুটুলের দাবি, প্রশাসনিক গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে।

    গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রঘুনাথগঞ্জ-২ ব্লকের বিডিও শুভময় মাঝি। তিনি বলেন, ‘বিষয়টা আমাদের নজরে এসেছে। কী ভাবে এই ঘটনা ঘটলো খতিয়ে দেখা হচ্ছে। ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে।’

    প্রশ্ন: কার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে?

    উত্তর: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ ব্লকের খড়কাঠি গ্রামের ৭০ বছরের সামজাদ শেখের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়েছে বলে দাবি।

    প্রশ্ন: সামজাদ কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন?

    উত্তর: সামজাদের পরিবারের দাবি, তিনি এই প্রকল্পের জন্য আবেদন করেননি।

    প্রশ্ন: কেন টাকা ফেরত দিতে চাইছেন সামজাদ?

    উত্তর: তিনি পুরুষ এবং বিশেষ ভাবে সক্ষম। তাঁর দাবি, তিনি এই প্রকল্পের সুবিধাভোগী নন। তাই অ্যাকাউন্টে আসা টাকা প্রশাসনকে ফেরত দিতে চান।

    প্রশ্ন: টাকা কী ভাবে ফেরত দেওয়া হচ্ছে?

    উত্তর: সামজাদ রঘুনাথগঞ্জের বিডিও অফিসে গিয়ে ট্রেজারি চালানের ফর্ম পূরণ করেছেন। টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে।

    প্রশ্ন: প্রশাসন কী বলছে?

    উত্তর: রঘুনাথগঞ্জ-২ ব্লকের বিডিও শুভময় মাঝি জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

  • Link to this news (এই সময়)