কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার আগেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ল বিজেপি। মঙ্গলবার সার্কুলার প্রকাশ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে কলকাতা পুরভোটের ইনচার্জ ঘোষণা করেছে গেরুয়া শিবির। তাঁর সঙ্গে দায়িত্ব সামলাবেন রাজ্যের এক মন্ত্রী, বিধায়ক এবং বিজেপির সহ সভাপতি। একই সঙ্গে হাওড়া পুরভোটের জন্য ইনচার্জ এবং কনভেনারের নামও ঘোষণা করেছে বিজেপি।
রাজ্যে পালাবদলের পরেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেই সময়ে আক্ষেপ করে তিনি বলেছিলেন, ‘চেয়ারের সম্মান রাখতে পারছিলাম না। তাই ইস্তফা।’ তিনি মেয়াদ শেষ করলে চলতি বছরের ডিসেম্বর নাগাদ ভোট হওয়ার কথা ছিল। তাঁর ইস্তফার ৭২ ঘণ্টার মধ্যে নতুন মেয়রের নাম চূড়ান্ত করতে না পারায় পুরবোর্ড পরিচালনার জন্য প্রশাসককে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার। আপাতত সেই কাজ সামলাচ্ছেন পুরপ্রশাসক স্মিতা পান্ডে।
কলকাতা পুরসভায় কবে ভোট হবে, তার আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তবে পুজোর পরে নির্বাচন হতে পারে বলে শোনা যাচ্ছে। তার জন্যই আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। এ দিন সার্কুলারে সুকান্ত মজুমদারকে কলকাতা পুরভোটের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। কো-ইনচার্জ করা হয়েছে রাজ্য বিজেপির সহ-সভাপতি অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়কে। আর কো-কনভেনারের দায়িত্ব পেয়েছেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়র রীতেশ তিওয়ারি।
অন্য দিকে, হাওড়া পুরসভার শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। এর পরে আর কোনও পুরভোট হয়নি। ২০১৮-য় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নানা আইনি জটিলতায় তা-ও থমকে যায়। এর মধ্যে ২০১৫-য় বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। বালির ৩৫টি ওয়ার্ড ভেঙে ১৬টি ওয়ার্ড তৈরি করে জুড়ে দেওয়া হয় হাওড়া পুরসভার সঙ্গে। কিন্তু ২০২১-এ বিধানসভায় সংশোধনী এনে ফের বালি ও হাওড়াকে আলাদা করে দেওয়া হয়েছিল।
এর পরে গত ৬ অগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের (ডি-লিমিটেশন) জন্য সংশোধনী প্রস্তাব গৃহীত হয়। তাতেই ৫০ থেকে ওয়ার্ড সংখ্যা বেড়ে ৬৮টি করা হয়েছে। এ বার পুরভোট হওয়ার কথা। এ দিন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে হাওড়া পুরভোটের ইনচার্জ করেছে বিজেপি। বালির বিধায়ক সঞ্জয়কুমার সিংকে কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে হাওড়া পুরসভাতেও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও।
প্রশ্ন: কলকাতা পুরভোট কবে হবে?
উত্তর: এখনও কলকাতা পুরভোটের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি। পুজোর পরে ভোট হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে।
প্রশ্ন: কলকাতা পুরভোটে বিজেপির ইনচার্জ কে?
উত্তর: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে কলকাতা পুরভোটের ইনচার্জ করেছে বিজেপি।
প্রশ্ন: কলকাতা পুরভোটে আর কারা দায়িত্ব পেয়েছেন?
উত্তর: অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায় কো-ইনচার্জ, তাপস রায় কনভেনার এবং রীতেশ তিওয়ারি কো-কনভেনারের দায়িত্ব পেয়েছেন।
প্রশ্ন: হাওড়া পুরভোটে বিজেপির দায়িত্বে কে?
উত্তর: রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে ইনচার্জ এবং বালির বিধায়ক সঞ্জয়কুমার সিংকে কনভেনার করা হয়েছে।
প্রশ্ন: হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা কত?
উত্তর: ওয়ার্ড পুনর্বিন্যাসের পর হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৮টি হয়েছে।
প্রশ্ন: হাওড়ায় শেষ পুরভোট কবে হয়েছিল?
উত্তর: হাওড়া পুরসভায় শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। এরপর ২০১৮ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা আইনি জটিলতায় তা হয়নি।