• রক্তের কালোবাজারি, পাঁশকুড়ায় গ্রেপ্তার হাসপাতালের তিন ল্যাব টেকনিশিয়ান
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • ‘রক্তদান-জীবনদান’। এই স্লোগান সামনে রেখে রাজ্য জুড়ে রক্তদান শিবির হয়ে আসছে। সম্প্রতি অভিযোগ উঠেছে, রক্তের কালোবাজারি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে চলেছে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান। এই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। এ বার রক্তের কালোবাজারির অভিযোগে পাঁশকুড়ায় গ্রেপ্তার তিন জন।

    পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রির অভিযোগে তিন জন ল্যাব টেকনিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা হলেন সুশান্ত দাস, মান্তু দাস ও নজরুল ইসলাম। মঙ্গলবার তিন জনকে কলকাতায় দুর্নীতিদমন শাখার দপ্তরে পাঠানো হয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদের পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে রক্ত বিক্রি চক্রের এক দালালকে গ্রেপ্তার করেছিল এসিবি। তাঁকে জেরা করেই হাসপাতালের ওই তিন ল্যাব টেকনিশিয়ানের নাম জানতে পারেন তদন্তকারীরা।

    হাসপাতাল সুপার কৌশিক ধল বলেন, ‘মঙ্গলবার তিন জনকে এসিবি ডেকে পাঠিয়েছিল। এক সপ্তাহ আগে এক যুবককে গ্রেপ্তার হয়। ধৃত যুবকের সঙ্গে মুখোমুখি বসিয়ে তিনজনকে জেরা করার সময়ে গ্রেপ্তার করা তাঁদের।’

    পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক সন্দীপ চক্রবর্তী বলেন, ‘আমরা জেলার বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে রক্ত সংগ্রহ করে মানুষের জীবন বাঁচানোর কাজ করে চলেছি। সেখানে কিছু অসাধু মানুষ বিগত সরকারের হাত ধরে চক্র গড়ে তুলে অর্থের বিনিময়ে রক্ত বিক্রি করে চলেছে। নতুন সরকার এসে সেই চক্র খুঁজে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করছে। প্রশাসন আরও কড়া হলে এই চক্র আগামী দিনে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না।’

  • Link to this news (এই সময়)