• কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কড়াকড়ি, গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা, আর কী সিদ্ধান্ত মন্দির কমিটির?
    প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৬
  • কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে এবার আরও কড়া নিয়ম চালু হতে চলেছে। ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখে এবারের কৌশিকী অমাবস্যায় মা তারার গর্ভগৃহে সাধারণ ভক্তদের প্রবেশ এবং মা তারাকে স্পর্শের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ মন্দির কমিটি। উৎসবের আগে রামপুরহাটের রক্তকরবী মঞ্চে অনুষ্ঠিত প্রশাসনিক প্রস্তুতি বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়।

    কৌশিকী অমাবস্যায় প্রতিবছরই তারাপীঠে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। সেই ভিড় সামাল দেওয়ার পাশাপাশি মন্দির চত্বরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এবার বিশেষ কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। প্রশাসনিক বৈঠকে মন্দির কমিটির পাশাপাশি পুলিশ, দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহণ, ইঞ্জিনিয়ারিং এবং লজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় জানান, এবারের কৌশিকী অমাবস্যায় দর্শনার্থীদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। সাধারণ লাইনের পাশাপাশি পে লাইন চালু থাকবে। মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য পে লাইনের সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কোনও অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি প্রটোকল লাইনের ব্যবস্থাও থাকবে। স্থানীয় সাধারণ মানুষেরা ৫০০ টাকার ভিআইপি লাইনে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। তাছাড়াও প্রশাসনের কোনও আধিকারিক মা তারার গর্ভগৃহে ঢোকার জন্য যাতে অনুরোধ না করেন এই দিনের এই প্রশাসনিক বৈঠকে তারও আবেদন করেন মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায়।

    তবে এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গর্ভগৃহে প্রবেশ নিয়ে। মন্দির কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে জানানো হয়েছে, কৌশিকী অমাবস্যার দিন ভক্তদের গর্ভগৃহের ভিতরে প্রবেশ এবং মা তারাকে স্পর্শ করার অনুমতি থাকবে না। দূর থেকেই দেবী দর্শন করতে হবে ভক্তদের। বিপুল ভিড়ের মধ্যে মন্দিরের ভিতরে বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

    শুধু মন্দির নয়, কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে গোটা তারাপীঠ এলাকাতেই নিরাপত্তা ও পরিষেবা ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ পরিষেবা, চিকিৎসা ব্যবস্থা এবং হোটেল-লজে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশাসনিক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

    প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দপ্তরকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বড় সংখ্যক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। ফলে এবারের কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে দর্শনের ক্ষেত্রে নিয়ম-কানুন আরও কড়া হওয়ায় ভক্তদের কীভাবে তা মেনে চলতে হয়, তা নিয়েও প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)