• কেষ্টপুর ভিআইপি রোডে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, প্রতিবাদে পথ অবরোধ
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • ফের দুর্ঘটনা কেষ্টপুর ভিআইপি রোডে। মঙ্গলবার রাতে কেষ্টপুরের ভিআইপি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধ-র। অ্যাপ বাইকে করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন ওই অ্যাপ বাইক চালক। এর পরেই ক্ষুব্ধ বাসিন্দরা সেখানে পথ অবরোধ করেন। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয় বলেও অভিযোগ। পরে বাগুইআটি থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম রাজা রাঠি (৬৫)। মঙ্গলবার রাতে অ্যাপ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাজা। তাঁর বাড়ি নারায়ণতলার এলাকা। বড়বাজার এলাকা থেকে ফেরার সময়ে উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্টগামী ফ্ল্যাঙ্কে একটি ট্রাক পিছন থেকে ওই মোটরসাইকেলে ধাক্কা মারে। রাস্তায় থাকা একটি গার্ডরেলকে পাস কাটাতে গিয়েই লরিটি তাঁদের বাইকে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। আশঙ্কাজনক অবস্থায় শিবেশ ঝা নামে অ্যাপ বাইক চালককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ এই দুর্ঘটনার পরেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই এলাকায় প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ বাসিন্দাদের। মানুষের দাবি রাস্তার উপরে ব্যারিকেড দেওয়া থাকে, এই জন্যই দুর্ঘটনা ঘটেছে। পুলিশের সমস্ত গার্ড ওয়াল ফেলে দেওয়া হয়।  এর পরেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সেখানে পথ অররোধ করেন। পুলিশ আসার পরেই বাসিন্দাদের একাংশের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। এর পরেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ইটবৃষ্টির ঘটনাও ঘটে বলে অভিযোগ।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার জেরে ভিআইপি রোডে কিছু সময় যান চলাচলও ব্যাহত হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, লরিটির গতি কত ছিল এবং চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক।

  • Link to this news (এই সময়)