'উইঙ্কল টুইঙ্কল'-এর ট্রেলার লঞ্চের ঘোষণা, নতুন ছবিতে সৃজিতের কোন চমক
আজকাল | ২৬ আগস্ট ২০২৬
সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'উইঙ্কল টুইঙ্কল' ঘিরে ইতিমধ্যেই বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ছবির ঘোষণা থেকে শুরু করে নানা আপডেট—প্রতিটি ক্ষেত্রেই দর্শকদের নজর কেড়েছে এই নতুন প্রজেক্ট। এবার অপেক্ষার অবসান। প্রকাশ্যে আসতে চলেছে ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার। আর সেই ট্রেলার লঞ্চও হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে।
আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হবে 'উইঙ্কল টুইঙ্কল'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।ছবির নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে এমনিতেই দর্শক ও সিনেপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। সম্প্রতি রাজ্য রাজনীতিতে শিরোনামে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এর মধ্যেই সৃজিত মুখার্জির নতুন ছবির ট্রেলার প্রকাশের মুহূর্ত বাংলা ছবির দুনিয়ায় বিশেষ নজর কাড়বে, তা বলাই যায়।
সৃজিত মুখোপাধ্যায় বাংলা ছবির জগতে বরাবরই ভিন্ন ধরনের গল্প, চরিত্র এবং বিষয় নিয়ে কাজ করার জন্য পরিচিত। তাঁর ছবিতে রহস্য, সম্পর্ক, মনস্তত্ত্ব কিংবা সমকালীন সমাজ—বিভিন্ন বিষয়ই উঠে এসেছে নিজস্ব আঙ্গিকে। ফলে 'উইঙ্কল টুইঙ্কল'-এ কী ধরনের গল্প বলা হবে, ছবির চরিত্রগুলি কেমন, এবং কোন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন পরিচালক তা জানতে আগ্রহী অনেকেই।
ট্রেলার লঞ্চের আগে ছবির গল্প বা চরিত্র নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে না এলেও, অনুষ্ঠানের ঘোষণাই তৈরি করেছে উত্তেজনা। বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের মতো জায়গায় ছবির ট্রেলার প্রকাশ একটি আলাদা মাত্রা যোগ করেছে। সিনেমার সঙ্গে ক্যাম্পাসের তরুণ প্রজন্মের সংযোগও এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।
‘উইঙ্কল টুইঙ্কল’-এ সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, অঙ্গনা রায়, রজতাভ দত্ত, সোহিনী সরকার এবং দেবেশ চট্টোপাধ্যায়। ঋত্বিককে দেখা যাবে সব্যসাচী সেনের চরিত্রে, আর তাঁর ছেলে ইন্দ্র সেনের ভূমিকায় রয়েছেন পরমব্রত। সব্যসাচীর স্ত্রী রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া মজুমদার। ব্রাত্য বসুর লেখা একই নামের নাটক অবলম্বনে তৈরি এই ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত মুখোপাধ্যায় ও পদ্মনাভ দাশগুপ্ত। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে ইন্দ্রনাথ মারিক। সঙ্গীত পরিচালনায় রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ও তামালিকা গোল্ডার। ছবির ‘না থাকা প্রিয়’ গানটি গেয়েছেন রাপূর্ণা ভট্টাচার্য ও তামালিকা গোল্ডার। Friends Communication-এর প্রযোজনায় তৈরি ‘উইঙ্কল টুইঙ্কল’ তাই গল্প, অভিনয় এবং সঙ্গীত—তিন দিক থেকেই দর্শকদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।