মঞ্চে অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, কবে দর্শক দেখবেন সেই নাটক
আজকাল | ২৬ আগস্ট ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: এবার মঞ্চ নাটকে দেখা যাবে বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। ‘রঙ্গ অপেরা’ দলের নাটক ‘কেশরী হত্যা?’-তে অভিনয় করবেন তিনি। সব কিছু ঠিক থাকলে আর মাত্র দিন-পাঁচেকের মধ্যে শুরু হবে এই নাটকের রিহার্সাল। সেপ্টেম্বরের শেষের দিকে এই নাটকের অভিনয় হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত একমাস টানা রিহার্সাল চলবে। তারপর শো। মঞ্চের মুখেদের যেমন রাজনীতিতে দেখা গিয়েছে তেমনই রাজনীতির মুখেদেরও এর আগে মঞ্চে দেখা গিয়েছে। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক মঞ্চ নাটকে নিয়মিত অভিনয় করেন, অভিনয় করেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখার্জি। তেমনই মঞ্চের মানুষ ব্রাত্য বসু থেকে অর্পিতা ঘোষেদেরও রাজনীতিতে দেখেছে মানুষ। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার নিয়মিত মঞ্চ নাটকে অভিনয় করেন। এবার তেমনই মঞ্চে দেখা যাবে সুকান্ত মজুমদারকে।
শ্যামপ্রসাদ মুখার্জির জীবন নিয়ে এই নাটক লিখিত হয়েছে বলে জানিয়েছেন রঙ্গ-অপেরা দলের কর্ণধার অধিকারী কৌশিক। সেই নাটকে কৌশিক নিজে শ্যামাপ্রসাদের চরিত্রে অভিনয় করেন। তবে এই নাটক তাঁরা আগে থেকেই অভিনয় করছেন। নাটকের অভিনয়ে একসময়ে হাজির ছিলেন সুকান্ত মজুমদার নিজেও। কিন্তু মঞ্চে অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে তাঁকে নিয়ে আসার ভাবনা কী করে এল? কৌশিক জানিয়েছেন, ‘তিনি আমাদের এই নাটক দেখে আপ্লুত হয়েছিলেন। নিজের বালুরঘাটের মানুষ তিনি। বালুরঘাট নাটকের শহর। ফলে ছোটবেলা থেকে সংস্কৃতির সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ। আমরা তারপর ওঁকে প্রস্তাব দিয়েছিলাম এই নাটকের এই চরিত্রটিতে অভিনয়ের জন্য। কিন্তু প্রাথমিক ভাবে তিনি সময়ের অভাবে বিষয়টি নিয়ে ততটা এগোতে পারেননি। পরবর্তীতে সময়ের সংস্থান হয় ও তিনি অত্যন্ত উৎসাহিত হন, আর সেই কারণেই শেষ পর্যন্ত এই নাটকে তাঁর আগমন। বলা চলে, মঞ্চে এই প্রথম দেখা যাবে তাঁকে।’
বলা চলে, বাংলা নাটকের মানচিত্রে সুকান্তর আগমন অধিকারী কৌশকের হাত ধরেই। এই নাটক শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে লেখা। তাঁর জীবন বৃত্তান্ত এতে বর্ণিত হয়েছে। বাংলা ভাগ থেকে তাঁর কাশ্মীর যাত্রা ও কাশ্মীরে শ্যামপ্রসাদের মৃত্যুর বিষয়টিও এই নাটকে উঠে আসবে। আর সেখানেই অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন সুকান্ত। ভারতীয় রাজনীতির ক্ষেত্রে ও বিজেপি-র জন্মকাল থেকে বিস্তারের দীর্ঘসময় জুড়ে বাজপেয়ি এক বিস্তৃত নাম। প্রাক্তন প্রধানমন্ত্রী, কবি থেকে শুরু করে তাঁর বিবিধ পরিচয়। সেই দলেরই উত্তরসূরী সুকান্ত তাঁর চরিত্রে অভিনয় করবেন, এ নিঃসন্দেহে বাংলায় এক নতুন চমক ও ইতিহাস।