• বিহারে ভয়াবহ দুর্ঘটনা! কীর্তনের দলে হুড়মুড়িয়ে ঢুকল গাড়ি, পিষে মৃত্যু ৫ জনের, আহত একাধিক
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • বিহারে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুর ঘটনার চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে বিহারের সুপৌলের পিপড়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, গলগলিয়া-আরারিয়া ৩২৭ই জাতীয় সড়কের পাশে থাকা বজরংবলী মন্দিরের সামনে কীর্তন গাইছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সময়েই একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। গাড়ির চাকায় পিষে গিয়ে মৃত্যু হয় পাঁচজনের।

    স্থানীয় সূত্রে খবর, ঝুলন উপলক্ষ্যে পিপড়ার কাটাইয়া গথ চক এলাকায় ওই মন্দিরের সামনে ভজন-কীর্তন হচ্ছিল। কীর্তন শুনতে বেশ ভিড় হয়েছিল। সেই সময়েই দ্রুত গতিতে একটি গাড়ি এসে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ঘটনার আকস্মিকতায় ভিড়ের মধ্যে থেকে সরে যাওয়ারও সময় পাননি দর্শক ও কীর্তন গাইয়েরা।

    গাড়ির চাকায় পিষ্ট হয়ে যান অনেকেই। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন অনেকেই। তাঁদের উদ্ধার করে সুপৌলের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় আরও দু’জনের। পুলিশ জানিয়েছে, তিতাই দাস (৬৫), রাজু দাস (৫০) এবং সুরেন্দ্র যাদবের (৪৫) মৃত্যু হয়েছে। অন্য দু'জনের পরিচয় জানা যায়নি।

    জানা গিয়েছে, দুর্ঘটনার পরে গাড়িটির প্রায় ৫০ মিটার এগিয়ে গিয়ে একটি দোকানে ধাক্কা মারে। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান গাড়ির চালক। গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কী কারণে দুর্ঘটনা ঘটল তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঢিয়ে অবরোধ তোলেন। গাড়ির চালকের খোঁজ করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)