• কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রিবাহী বাসের, তেলঙ্গানায় পাঁচ মহিলা-সহ মৃত ৬
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • তেলঙ্গানায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। কন্টেনার ট্রাকের সঙ্গে যাত্রিবাহী বাসের সংঘর্ষে পাঁচ মহিলা-সহ ছ’জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ তেলঙ্গানার সূর্যপেট জেলায়  হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে।

    সূত্র মারফৎ খবর, বাসটি হায়দরাবাদ থেকে ইলুরুতে যাচ্ছিল। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনার ট্রাকের পিছনে ধাক্কা মারে বেসরকারি সংস্থার ওই বাসটি। দুর্ঘটনার সময়ে ৪২ জন যাত্রী বাসের মধ্যে ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচ জন মহিলাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত ১২ জন। এঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে গিয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাসটি ধাক্কা মারার আগে কন্টেনার ট্রাকটি রাস্তার ডিভাইডারেও ধাক্কা মেরেছিল।

    ঘটনায় শোকপ্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এর পাশাপাশি, রাজ্যের মুখ্যসচিবকে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি। দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।  

  • Link to this news (এই সময়)