• প্রেসক্রিপশনে লেখা ‘স্ত্রীর কামড়’! পিজি নালিশ করল পুলিশে
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • এই সময়: সরকারি হাসপাতালের প্রেসক্রিপশনে রোগের বিবরণে লেখা— 'ওয়াইফ বাইট', অর্থাৎ স্ত্রীর কামড়! আর চিকিৎসকের পরামর্শ হিসেবে ইংরেজিতে লেখা— স্ত্রীয়ের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন! এসএসকেএমের ফিজ়িক্যাল মেডিসিন বিভাগের এমন একটি 'প্রেসক্রিপশন' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি 'এই সময়')। তাতে যারপরনাই বিব্রত এসএসকেএম বা পিজি হাসপাতাল কর্তৃপক্ষ। এবং আরও বিব্রত ফিজ়িক্যাল মেডিসিন বিভাগের সংশ্লিষ্ট ইউনিটের চিকিৎসকরা।

    সোমবার সকাল থেকে সামাজিক বিড়ম্বনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আদৌ কোনও চিকিৎসক এমন পরামর্শ দিয়েছেন নাকি পুরোটাই পরিকল্পিত কারসাজি— তা খতিয়ে দেখতে শেষ পর্যন্ত মঙ্গলবার ভবানীপুর থানার দ্বারস্থ হয়েছেন পিজি কর্তৃপক্ষ।

    চিকিৎসকদের বক্তব্য, কামড়ের ঘটনায় স্ত্রী, স্বামী বা অন্য কেউ অভিযুক্ত হলে 'সম্পর্ক' কোনও বিষয় নয়। কোনও চিকিৎসকের প্রেসক্রিপশনে তাই 'ওয়াইফ বাইট'-এর বদলে 'হিউম্যান বাইট' লেখাই দস্তুর।

    পাশাপাশি, কামড়ের ক্ষতের চিকিৎসা ফিজ়িক্যাল মেডিসিন বিভাগে হয় না, সাধারণত জেনারেল সার্জারি বিভাগেই হয়। তাই সন্দেহ দানা বেধেছে ওই প্রেসক্রিপশন নিয়েই। সেটি আসল না ভুয়ো— প্রশ্ন সেখানেই।

    ১৪ অগস্টের তারিখ থাকা ওই প্রেসক্রিপশনের ক্লিনিক্যাল নোটের জায়গায় উপসর্গ হিসেবে ক্ষতস্থান লাল হয়ে ফুলে থাকার কথা উল্লেখ করা হয়েছে। চিকিৎসার পরামর্শের শুরুতেই 'স্ত্রীর থেকে দূরত্ব বজায় রাখা'র পাশাপাশি গ্যাস–অম্বল ও ব্যথার ওষুধ খাওয়া এবং ত্বকের সংক্রমণে ব্যবহৃত একটি মলমের কথা উল্লেখ করা হয়েছে। প্রেসক্রিপশনটি চিকিৎসকদের একাংশের নজরে আসতেই তৈরি হয়েছে ধোঁয়াশা।

    প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, অন্য কোনও আসল প্রেসক্রিপশনের ছবি নিয়ে তাতে ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তিকর তথ্য জুড়ে সমাজমাধ্যমে ছড়ানো হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এবং নিছক মজার ছলে নাকি কোনও উদ্দেশ্য নিয়ে এমনটা করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

  • Link to this news (এই সময়)