বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মঙ্গলবার হালকা বৃষ্টিতে ভিজেছে শহর। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, বুধবার সারাদিনও এমনই থাকতে পারে কলকাতার আবহাওয়ার পরিস্থিতি। মেঘলা আকাশের সঙ্গে দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, আজ সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরের তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা থেকে বুধবার সকাল সাড়ে ছ’টার মধ্যে শহরে মোট ৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। চলতি সপ্তাহে এমনই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাওই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে, শুক্রবার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।