'বউ কামড়েছে', Viral প্রেসক্রিপশন নিয়ে এই প্রথম মুখ খুলল SSKM
আজ তক | ২৬ আগস্ট ২০২৬
SSKM হাসপাতালের OPD-র প্রেসক্রিপশন। তারিখ ১৪ অগাস্ট ২০২৬। ক্লিনিক্যাল নোট অর্থাৎ কী শারীরিক অসুস্থতা নিয়ে রোগী OPD-তে দেখাতে এসেছেন, সেই স্থানে লেখা 'স্ত্রী কামড়ে দিয়েছেন!' ডাক্তারের পরামর্শ, স্ত্রীর থেকে নিরাপদ দূরত্ব বজায় থাকুন! মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই প্রেসক্রিপশন। সত্যিই কি এমনটা ঘটেছে? আর 'রোগী'-কে এমনই পরামর্শ দিয়েছেন SSKM-এর মতো সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরের ডাক্তার?
কেসটা কী?
SSKM হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের এই আজব প্রেসক্রিপশন দেখে চক্ষু চড়কগাছ সকলেরই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই প্রেসক্রিপশন কি আদৌ সত্যি, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নজর এড়ায়নি SSKM হাসপাতাল কর্তৃপক্ষেরও। ফলত বিব্রত হচ্ছেন সেখানকার ডাক্তাররা। প্রশ্ন উঠছে, আদৌ কোনও ফিজিক্যাল মেডিসিন বিভাগের কোনও চিকিৎসক কোনও রোগীকে সত্যি সত্যিই এই পরামর্শ দিয়েছেন নাকি বিষয়টি সম্পূর্ণ ভুয়ো।
কী বলছে SSKM?
জানা গিয়েছে, গোটা ঘটনা নিয়ে মঙ্গলবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, কোনও কামড়ের ক্ষতের চিকিৎসা হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগে হয় না। হয় জেনারেল সার্জারি বিভাগে। ফলে ওই ভাইরাল প্রেসক্রিপশন নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়াও OPD প্রেসক্রিপশনে সিলমোহর থাকে, রেজিস্টারে তা নথিভুক্ত হয়। কিন্তু ওই প্রেসক্রিপশনের কোনও রেকর্ডও খুঁজে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
ক্লিনিক্যাল নোটের জায়গায় উপসর্গ হিসেবে ক্ষতস্থান লাল হয়ে ফুলে থাকার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গ্যাস–অম্বল ও ব্যথার ওষুধ খাওয়া এবং ত্বকের সংক্রমণে ব্যবহৃত একটি মলম লাগাতে বলা হয়েছে। চিকিৎসকদের মধ্যে গোটা বিষয়টি নিয়েই ধোঁয়াশা রয়েছে। সাধারণত কোনও কামড়ের ঘটনা ঘটলে সম্পর্কের নিরিখে লেখার কোনও দস্তুর নেই, বরং প্রেসক্রিপশনে ডাক্তাররা লেখেন 'হিউম্যান বাইট'। এক্ষেত্রে স্ত্রী কামড়ে দিয়েছে উল্লেখ থাকায়, বিষয়টি কারও কারসাজি হয়ে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। আসল প্রেসক্রিপশনের ছবি নিয়ে AI টুলের সাহায্যে সম্ভবত এমনটা করা হয়েছে বলেও অনুমান একাংশের। নিছক মজার ছলে বিষয়টিকে ভাইরাল করা হয়েছে। আর তাই SSKM-এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের নজরে আসার পর MSVP পীযূষ রায় সাইবার ক্রাইমের দ্বারস্থ হন।