• গয়না নয় মহিলাদের, ক্লিন শেভড পুরুষ, নার্সদের পোশাকে নয়া গাইডলাইন রাজ্যের
    প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৬
  • হাসপাতালে নার্সদের ‘লুক’ কেমন হবে, তা বেঁধে দিল স্বাস্থ্যদপ্তর। পোশাক সংক্রান্ত এই ‘গাইডলাইনে’ বলা হয়েছে, প্রতিদিন হাসপাতালে নার্সদের মেনে চলতে হবে এই দাপ্তরিক পোশাক। নয়া নির্দেশিকায় লেখা, ‘স্মল ক্যাপ’ পরতে হবে মহিলা নার্সদের। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, কী এই স্মল ক্যাপ? বঙ্গে নার্সদের সংগঠন নার্সেস ইউনিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘নয়া সার্কুলারে হাসপাতালের স্টাফ নার্সদের স্মল ক্যাপ পরতে বলা হয়েছে। সরকারি হাসপাতালের নার্সরা কোনওদিন স্মল ক্যাপ পরতেন না। ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। ‘স্মল ক্যাপ’টা কী ধরনের টুপি, তা পরিষ্কার করে বলতে হবে আধিকারিকদের। মত নিতে হবে নার্সদেরও।”

    কোভিডের আগে ট্র্যাডিশনাল টুপি পরতেন নার্সরা। সেটা লম্বা, তিনকোণা। নার্স সংগঠনের সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় জানিয়েছেন, সেটাকে কোনওভাবে ‘স্মল ক্যাপ’ বলা হয় না। ওটাকে বলা হত ‘ট্র্যাডিশনাল ট্রায়াঙ্গল ক্যাপ’। কোভিডে জীবাণু ছড়ানোর আশঙ্কায় যা বাদ দেওয়া হয়েছিল। একই টুপি পরে কোভিড আক্রান্তের কাছ থেকে অন্য রোগীর কাছে গেলে, তা থেকে জীবাণু ছড়াতে পারে। কাচাকাচির ঝঞ্ঝাটের জন্য নতুন লুক কোভিড পরবর্তী সময়ে তা বদলে সার্জিকাল ক্যাপ পরতে শুরু করেন নার্সরা। এসব ‘ইউজ অ্যান্ড থ্রো’। একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায়।

    স্বাস্থ্য দপ্তরের নয়া নির্দেশিকায় দেখা গিয়েছে, মহিলা স্টাফ নার্সদের পরতে হবে ‘স্মল ক্যাপ’ বা ছোট টুপি। বহু নার্সেরই বক্তব্য, স্মল ক্যাপ নয়। সার্জিক্যাল ক্যাপই বহাল থাক। কেউ বলছেন, পুরনো ট্র্যাডিশনাল টুপিটাই থাকুক। ভাস্বতী মুখোপাধ্যায়ের দাবি, এভাবে একতরফা সিদ্ধান্ত নিতে পারে না স্বাস্থ্যদপ্তর। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক।

    সম্প্রতি বর্ধমান মেডিক্যাল কলেজে পরিদর্শন গিয়ে নার্সদের সঠিক পোশাক নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। অভিযোগ, ওই হাসপাতালের নার্সিং সুপারিটেন্ডেন্ট সঠিক ইউনিফর্ম পরে ছিলেন না। তা দেখে ভর্ৎসনা করেন স্বাস্থ্যমন্ত্রী। নার্স সংগঠনের দাবি, তারপরই তড়িঘড়ি এই অর্ডার বের করা হয়েছে। নয়া সার্কুলারে আরও বলা হয়েছে, কোনওরকম অলংকার পরতে পারবেন না নার্সরা। বিবাহিত নার্সরা শাঁখা-পলা পরতে পারবেন শুধু। তার সঙ্গে ছোট্ট নাকের রিং। নির্দেশিকায় বলা হয়েছে, পুরুষ নার্স (স্টাফ নার্স গ্রেড টু মেল) দের কালো ঢাকা জুতো পরতে হবে। চুল ছোট করে ছাঁটতে হবে। রাখা যাবে না দাঁড়ি-গোফও।
  • Link to this news (প্রতিদিন)