• জাতীয় স্তরে জোড়া সোনা ও রুপো খুদে অংশুমানের
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • এই সময়, হাওড়া: জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য অর্জন করল বালির খুদে সাঁতারু অংশুমান নাগ। ৪২তম সাব-জুনিয়র অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে তৃতীয় গ্রুপে অংশ নিয়ে দু'টি সোনা এবং একটি রুপোর পদক জয় করেছে সে। এই সাফল্যে গর্বিত অংশুমানের পরিবার থেকে শুরু করে বালির ক্রীড়াপ্রেমীরা। প্রতিযোগিতায় ১০০ মিটার ব্যাকস্ট্রোকে প্রথম হয়ে সোনা জয় করে অংশুমান। পাশাপাশি, ৪x৫০ মিটার ব্যাকস্ট্রোক রিলে দলেও প্রথম স্থান অর্জন করে সোনার পদক পায়। এ ছাড়াও, ৪x৫০ মিটার ব্যাকস্ট্রোক ফ্রিস্টাইল ইভেন্টে দ্বিতীয় হয়ে রুপোর পদক জয় করেছে সে।

    অংশুমান বর্তমানে অষ্টম শ্রেণির ছাত্র। ছোটবেলা থেকেই সাঁতারের প্রতি তার গভীর আগ্রহ। তার বাবা নিজেও একজন সাঁতারু ছিলেন এবং আর্মিতে সাঁতার ক্রীড়া কোটায় সার্ভিস করেছেন। বাবার হাত ধরেই সাঁতারের জগতে অংশুমানের পথচলা শুরু। মধ্যবিত্ত পরিবারের সন্তান অংশুমানের স্বপ্ন, ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের সাঁতারু হওয়া। বাংলার পাশাপাশি ভারতের নামও আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করতে চায় সে। জাতীয় স্তরে সাফল্যের পরে এখন তার লক্ষ্য, আরও কঠোর অনুশীলন করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা।

    অংশুমানের এই সাফল্যে অত্যন্ত খুশি হলেও, প্রতিভাবান এই সাঁতারুকে আরও এগিয়ে নিয়ে যেতে সরকারি সাহায্যের প্রয়োজন রয়েছে বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা। প্রশিক্ষণ, সরঞ্জাম এবং প্রতিযোগিতার খরচ বহন করতে সরকারি সহযোগিতা পেলে, অংশুমানের প্রতিভা আরও বিকশিত হবে বলে তাঁদের আশা। জাতীয় স্তরে অংশুমানের সাফল্যের খবর পেয়ে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে আসেন বালির বিধায়ক সঞ্জয় সিং। জাতীয় স্তরের সাফল্যকে সঙ্গী করে আন্তর্জাতিক মঞ্চে পা রাখাই এখন অংশুমানের পরবর্তী লক্ষ্য।

  • Link to this news (এই সময়)