• জাতীয় স্তরের ক্যারাটেতে নজর কাড়ল সবংয়ের পড়ুয়ারা
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • এই সময়, খড়্গপুর: ক্যারাটেতে পিছিয়ে নেই প্রত্যন্ত গ্রামের মেয়েরাও। আত্মরক্ষার পাঠ নিতে গিয়ে এখন রীতিমতো লড়াইয়ের ময়দানেও দাপিয়ে বেড়াচ্ছে সবংয়ের বন্যা জানা, ভূমিকা পাত্র, সম্প্রীতি সামন্ত, পূর্বা ঘোড়ইরা। তাই খড়গপুরে আয়োজিত অল ইন্ডিয়া ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে ন্যাশনাল টুর্নামেন্ট-২০২৬- এ কেউ চ্যাম্পিয়ন হলো তো কেউ দ্বিতীয় স্থান অধিকার করল। সবংয়ের তেমাথানির সূর্য মাশাল আর্ট অ্যাকাডেমির ৩০ জন প্রতিযোগীর মধ্যে ১২ জনই এমন সাফল্য পেয়েছে। বাকিরা পুরষ্কৃত না হলেও লড়াইয়ের ময়দানে নজর কেড়েছে। খেলোয়াড়দের সাফল্যে খুশি অ্যাকাডেমির কোচ সূর্যকান্ত পাল। তিনি বলেন, 'বছর আড়াইয়ের প্রশিক্ষণেই একাধিক সাফল্য এসেছে। প্রত্যন্ত গ্রামেও শরীর চর্চার সঙ্গে আত্মরক্ষার জন্য অনেকেই ক্যারাটে শিখতে আগ্রহী হয়ে উঠছে। আশা করি, পরবর্তীকালে অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী আমরা খুঁজে পাব।'

    গত শনিবার ও রবিবার- দু'দিন ধরে খড়গপুর কলেজের স্টেডিয়ামে হয়ে যাওয়া অল ইন্ডিয়া ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে ন্যাশনাল টুর্নামেন্ট-২০২৬ হয়েছে। ১০টি রাজ্যের প্রায় ৪০০ এর বেশি প্রতিযোগী যোগ দিয়েছিল। সেখানেই অংশ নেয় সবংয়ের তেমাথানি কলেজ মাঠ প্রশিক্ষণ নেওয়া সূর্য মার্শাল আর্ট অ্যাকাডেমির ৩০ জন ছাত্র। ১৬ উর্ধ্ব ওপেন লাইট ওয়েটে চ্যাম্পিয়ন হয়েছে বন্যা জানা।

    ট্রফির পাশাপাশি মিলেছে নগদ ১ হাজার টাকা পুরস্কারও। ১৪-১৬ বছর বয়সীদের মধ্যে ফাইটে চ্যাম্পিয়ন হয়েছে ভূমিকা পাত্র। ট্রফির পাশাপাশি মিলেছে নগদ ১০০০ টাকা পুরস্কার। কাতা-য় প্রথম হয়েছে অনুভব বর। পূর্বা ঘোড়ই প্রথম হয়েছে স্ট্রেচিংয়ে। দু'জনেই ট্রফির সঙ্গে নগদ ১ হাজার টাকার পুরস্কার জিতেছে। এ ছাড়াও বিভিন্ন বিভাগে সম্প্রীতি সামন্ত, ইশান সরেন, কৌশিকী মণ্ডল, ঈশিতা দণ্ডপাট, ঈশানী মণ্ডল, শ্রেয়ান জানা, প্রিয়াঙ্কা পাত্র থেকে শ্রেয়স সিংরা কেউ দ্বিতীয় স্থান পেয়েছে তো কেউ চতুর্থ বা ষষ্ঠ।

    কোচ জানান, পুরস্কার ছিনিয়ে আনতে না পারলেও প্রীতম ভূঁইয়া, অনিক মাইতি, অনুব্রত মাইতি, সূর্যকান্ত রাউত, অন্বিক মালেরা কিন্তু প্রতিযোগিতায় নজর কেড়েছে। যারা আগামিদিনে পুরস্কার ছিনিয়ে আনবে বলে কোচের আশা। জয়ের পর বন্যার বলে, 'আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখায় আগ্রহী হয়েছিলাম। প্রতিযোগিতায় আগেও পুরষ্কার পেয়েছি। এ বারও ভালো লাগছে। আমি মনে করি, আত্মরক্ষার স্বার্থে সকলের ক্যারাটে শেখা উচিত।'

    দশমের ছাত্রী ভূমিকার কথায়, 'প্রতিটি মেয়েরই আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা জরুরি। আমরা আগে সেই সুযোগ পেতাম না। এখন সূর্যকান্ত স্যরের অ্যাকাডেমিতে খোলায় সুযোগ পাচ্ছি।' সূর্যকান্ত বলেন, 'আমি চাই সবংয়ের মতো প্রত্যন্ত এলাকার প্রতিটি গ্রামের ছেলেমেয়েরা ক্যারাটে শিখুক। আত্মরক্ষার পাশাপাশি শরীর চর্চার মাধ্যমে শরীর ভাল থাকবে। ক্যারাটেতেও সুনাম অর্জনের জায়গা রয়েছে।' সবংয়ের শিক্ষক অরিজিৎ দাস অধিকারী বলেন, 'এখন তো যুব সমাজ মোবাইলে ডুবে থাকে। আমিও চাই, মোবাইল ছেড়ে কচিকাঁচা ও তরুণ-তরুণীরা মাঠে আসুক। খেলাধূলো ও সাংস্কৃতিক চর্চা করুক। এই ক্যারাটে অ্যাকাডেমি উল্লেখযোগ্য করে চলেছে।' কাজ

  • Link to this news (এই সময়)