এই সময়, ঝাড়গ্রাম: চিনি, পেঁয়াজ থেকে আনাজ, মাছ- রোজই দামের ছেঁকা খাচ্ছেন আমজনতা। মঙ্গলবার তাই বাজারে পরিদর্শনে নেমেছিলেন জেলা প্রশাসনের কর্তারা। আর তা করতে গিয়েই তাঁদের নজরে এলো অন্য ধরনের অসঙ্গতিও। যা দেখে থ বনে গিয়েছেন তাঁরা।
এই চমকের কারণ, ব্যবসা করার ট্রেড লাইসেন্স এবং ওজন পরিমাপের ডিজিটাল ও সাধারণ দাঁড়িপাল্লার লাইসেন্স ছাড়াই জিনিসপত্র বিক্রি করে চলেছেন ব্যবসায়ী থেকে দোকানিরা। মঙ্গলবার সকালে, ঝাড়গ্রামের মহকুমা শাসক অনিন্দিতা রায়চৌধুরী, এসডিপিও শামীম বিশ্বাসের নেতৃত্বে কৃষি বিপণন, ক্রেতা সুরক্ষা, খাদ্য সুরক্ষা ও বৈধ পরিমাপ দপ্তরের আধিকারিকদের নিয়ে অভিযান চালানো হয়। চিনি, -পেঁয়াজ, আলু, আনাজ, মাংস, মাছ-সহ একাধিক জিনিসের বাজারদর যাচাই করেন তাঁরা। চিনি ও পেঁয়াজের দাম কয়েকদিনের মধ্যেই চড়ে গিয়েছে বলে অভিযোগ পান তাঁরা।
চিনি ও পেঁয়াজ কেনার পাকা রসিদ দোকানদারদের থেকে চাওয়া হলে দোকানদাররা জানান, সাদা কাগজে কাঁচা বিল দেওয়া হয় তাঁদের। পাকা রসিদ ছাড়া ডিলারদের থেকে মাল না কেনার জন্য দোকানদারদের বলেন মহকুমাশাসক। ট্রেড লাইসেন্স দেখতে চাওয়া হলে অনেক দোকানমালিকই তা দেখাতে পারেনি। অনেকের আবার ট্রেড লাইসেন্স নবীকরণই করা নেই। দাঁড়িপাল্লার ক্ষেত্রে নেই পরিমাপ দপ্তরের বৈধ ছাড়পত্র।
মহকুমাশাসক তাঁদের জানান, দ্রুত ট্রেড লাইসেন্স এবং পরিমাপ দপ্তর থেকে দাঁড়িপাল্লার বৈধ অনুমতিপত্র নিয়ে দোকানে টাঙিয়ে রাখতে হবে। দুলাল দেব সিংহ নামে এক আনাজ বিক্রেতা বলেন, 'ছোট দোকানে আনাজ বিক্রি করি। এত কাগজ লাগবে জানা ছিল না। এ বার সব করতে হবে।' বেলপাহাড়ি, শিলদা, নয়াগ্রাম বাজারেও পুলিশ ও প্রশাসন যৌথ অভিযান চালায়।
সকালের পরে ফের সন্ধ্যায় ঝাড়গ্রাম বাজারে বাজারদর নিয়ন্ত্রণে অভিযানে নামেন জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর ও পুলিশ সুপার মানব সিংলা। সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা শাসক ও এসডিপিও। চিনি, পেঁয়াজ, চাল ও অন্যান্য জিনিসের বাজারদর যাচাই করেন জেলাশাসক। তিনি বলেন, 'চিনি এবং পেঁয়াজ এই দু'টি জিনিসের দাম হঠাৎই বেড়ে গিয়েছে। চিনি ও পেঁয়াজ যেখান থেকে আমদানি হচ্ছে সেখানেই সমস্যা হয়েছে। সেই কারণেই বাজারদর বেড়েছে। বিষয়টির উপরে প্রতিনিয়ত নজর রাখা হবে। দোকানদারদের বলা হয়েছে তাঁরা যেন ইচ্ছাকৃত ভাবে দাম না বাড়ান।' পুলিশ সুপার বলেন, 'কালোবাজারি রুখতে জেলা জুড়ে চালানো হচ্ছে। পুলিশ সাদা পোশাকেও বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।'