• ‘ফুটপাথ দখল একটা ফ্যাশন…’, শহরের রাস্তা দখলমুক্ত নিয়ে কী দাবি দিলীপের?
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • ফুটপাথ দখলমুক্ত করতে সওয়াল করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। কলকাতার সৌন্দর্য বাড়াতে এবং লগ্নির জন্য শিল্পপতিদের আকর্ষণ করতে শহরের ফুটপাথ দখলমুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য প্রশাসন। সম্প্রতি পার্ক স্ট্রিটে এক মহিলাকে সরে যাওয়ার জন্য ধমক দিতে দেখা যায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। তাঁর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দিলীপের কথায়, ‘পশ্চিমবঙ্গে ফুটপাত দখল একটা ফ্যাশন। যাঁরা থাকেন, তাঁদের সুবিধার থেকে রাজনৈতিক লাভ এখানে বেশি। তাই ফুটপাতে বসবাস বন্ধ হয় না কখনও।’

    কলকাতার রাস্তায় বিশেষত ফুটপাথে সাধারণ মানুষের হাঁটাচলার অসুবিধা দূর করার জন্য দখলমুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে বলে দাবি দিলীপের। মন্ত্রীর প্রশ্ন, ‘কলকাতায় রাস্তা গাড়ি বেড়েছে। মানুষের হাঁটার জায়গা নেই। তার উপর ফুটপাত দখল করে কেউ ফল বিক্রি করবেন, কেউ পান বিক্রি করবেন, কেউ দুধ গরম করবেন তা হলে মানুষ হাঁটবে কোথায়?’

    অহেতুক বিষয়টি নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলেও দাবি দিলীপের। তাঁর কথায়, ‘এ ভাবে চলতে পারে না। বিরোধীরা বুঝতে পারলে তো তাঁদের দোকান চলবে না। বিরোধীরা বুঝুন বা না বুঝুন কিছু যায় আসে না। সাধারণ মানুষ শেষ কথা বলবে।’

    উল্লেখ্য, পার্ক স্ট্রিটের সেই ফুটপাথবাসী মহিলা মঙ্গলবার ‘মুখ্যমন্ত্রীর দরবার’-এ উপস্থিত হয়েছিলেন। ওই মহিলা-সহ তাঁর পরিবারকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভাকে সেই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে। দিলীপ বলেন, ‘আমিও কাল নিউ মার্কেটে গিয়েছিলাম। যাঁরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন, তাঁরা আমার গাড়ির কাছে এসেছিলেন। তাঁরা জানিয়েছেন, তাঁদের কোনও অভিযোগ নেই। সকলেই অ্যাডজাস্ট করতে তৈরি আছে। সরকারও আবেদন করছে। সবাই নিজেকে ঠিক করছেন, রাস্তা পরিষ্কার করছেন। একটু সময় লাগবে।’

  • Link to this news (এই সময়)