• লখনৌ থেকে বেঙ্গালুরুগামী IndiGo-র বিমানে বোমাতঙ্ক, মিলল চিরকুটও
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • ফের বিমানে বোমাতঙ্ক। বুধবার সকালে লখনৌ থেকে বেঙ্গালুরুগামী IndiGo ফ্লাইটে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কেবিন ক্রুরা বিমানের মধ্যে একটি চিরকুট পান। সেই চিরকুটেই বিমানে বোমা রাখার কথা লেখা ছিল বলে খবর। যদিও, এই ঘটনায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। সকাল পৌনে দশটা নাগাদ বেঙ্গালুরুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।

    ঠিক কী ঘটেছে?

    জানা গিয়েছে, বুধবার সকালে বিমানটি লখনৌ থেকে বেঙ্গালুরুর দিকে রওনা দেয় IndiGo 6E321 ফ্লাইট। ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানের মধ্যেই কেবিন ক্রুরা একটি চিরকুট খুঁজে পান। সেই চিরকুটে লেখা ছিল যে, বিমানের কেবিনের মধ্যে বোমা রাখা রয়েছে। চিরকুট পাওয়ার পরেই ঘটনার কথা পাইলটদের জানান কেবিন ক্রুরা। বেঙ্গালুরু বিমানবন্দরের আধিকারিকদেরও জানানো হয়।

    এরপরে সকাল পৌনে দশটা নাগাদ বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে। নিরাপদে যাত্রীদের নামিয়ে নিয়ে আসা হয়। বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা বিমানটির তল্লাশি করেন। বিমান থেকে কোনও বোমা উদ্ধার হয়নি বলেই খবর। কে বা কারা এই চিরকুট রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

    এর আগে জুন মাসেও লখনৌ থেকে দিল্লিগামী একটি IndiGo বিমান থেকে এমন চিরকুট উদ্ধার করা হয়েছিল। সেই সময়েও বিমান থেকে তল্লাশিতে কোনও বোমা উদ্ধার করা যায়নি।

  • Link to this news (এই সময়)